ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে হেলিকপ্টারযোগে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাতারবাড়িতে পৌঁছান। এ সময় সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়িজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করছেন।
সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। সেখানে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার পাশাপাশি সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন পর্যায়ে সমন্বয় করে কাজ করছেন সংশ্লিষ্টরা।
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ এ অঞ্চলে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পগুলো দেশের বিদ্যুৎ উৎপাদন, বন্দর ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.