ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার পালংখালী সীমান্ত থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে ৬৪ বিজিবি’র সদস্যরা। আজ শনিবার কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তবর্তী এলাকা রিজভীর ঘের এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। পরিত্যাক্ত ইয়াবা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- আজ ১২ সেপ্টেম্বর ভোর সকাল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী রিজভীর ঘের নামক স্থান দিয়ে মায়ানমার হতে ২ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ০২টি পলিব্যাগ রিজভীর ঘেরের নিকট ফেলে রেখে দ্রুত পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে পলিব্যাগের ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রং এর বায়ুরোধী ১০ কাট আনুমানিক ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করে। উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.