
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ ২০ জনকে উদ্ধার করেছে পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকার মেরিন ড্রাইভের ফিনিক্স ভাঙা নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি মানবপাচারকারী চক্র টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে ছোট মাছ ধরার নৌকায় নারী-পুরুষ ও রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালিয়ে আসছে। মঙ্গলবার রাতে কচ্ছপিয়া উপকূলীয় এলাকায় মালয়েশিয়াগামী একটি দলকে জড়ো করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মেরিন ড্রাইভ সড়কের পূর্ব ও পশ্চিম পাশে তল্লাশি চালিয়ে নারী-পুরুষসহ ১৮ জনকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যেই তারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৬ জন বাংলাদেশি নাগরিক।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই দিনে বাহারছড়া উপকূলীয় এলাকায় পৃথক অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় আরও দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধার হওয়া দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে একই দিনে ২০ জনকে উদ্ধারের ঘটনায় টেকনাফের উপকূলীয় এলাকায় সক্রিয় মানবপাচারকারী চক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
ভয়েস / জেইউ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.