ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন এবং ধর্তব্য অপরাধে জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া প্রতিরোধ আইনে একজন, মাদক সেবনের অভিযোগে চারজন এবং ধর্ষণ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পেশকার পাড়ার মৃত সাহাব উদ্দিন বহদ্দারের ছেলে আব্দুল মোনাফ সিকদার (৩৮), ১১ নম্বর ওয়ার্ড পশ্চিম বাহারছড়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে সৈয়দ হোসেন রানা (৩৫) এবং ১২ নম্বর ওয়ার্ড লাইট হাউজ পাড়ার মৃত মকবুর আহম্মদের ছেলে আব্দুল শুক্কুর (৪০)।
ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কুলিয়া পাড়ার আব্দুল হকের ছেলে গিয়াস উদ্দিনকে (৫০)। ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মহেশখালীর গোরকঘাটা এলাকার জকরিয়া সওদাগরের ছেলে ও বর্তমানে কক্সবাজার শহরের উকিল পাড়ার বাসিন্দা ইকবাল হোসেন ফয়সালকে (২৫)।
এছাড়া ঝিলংজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম মুক্তারকুল এলাকার জাফর আলমের ছেলে মো. রিফাতুল ইসলামকে (২৪) জুয়া প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন—মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার আনছার মিয়ার ছেলে জিসান (১৮), টেকনাফের হ্নীলা এলাকার হেলাল উদ্দিনের ছেলে তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১), খুরুশকুলের ল-মাঝির পাড়ার জিয়াউল হকের ছেলে বোরহান (১৯) এবং টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের মৃত জমির উদ্দিনের ছেলে মো. ফারুক (১৯)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভয়েস / জেইউ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.