খেলাধুলা ডেস্ক:
বার্সেলোনার জার্সিতে মৌসুমের শুরুটা অবিশ্বাস্য কাটছে রাফিনিয়ার। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লা লিগার প্রথম সাত ম্যাচে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একুশ শতকে মৌসুমের প্রথম সাত ম্যাচে এর চেয়ে বেশি গোল আছে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর।
অপটার তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সাত লিগ ম্যাচে ১৩ গোল করেছিলেন রোনালদো। সেই তালিকায় লিওনেল মেসিসহ বাকিদের ছাড়িয়ে এখন দ্বিতীয় স্থানে রাফিনিয়া।
শনিবার সেভিয়ার মাঠে বার্সেলোনার ৩-১ গোলের জয়ে তিন গোলই করেন তিনি। এটি তার টানা দ্বিতীয় হ্যাটট্রিক। আগের ম্যাচেও রেসিং সান্তান্দারের বিপক্ষে তিনবার জাল খুঁজে পেয়েছিলেন বার্সা অধিনায়ক।
এই মৌসুমে লা লিগায় শুধু লেভান্তের বিপক্ষেই গোল পাননি রাফিনিয়া। বাকি প্রতিটি ম্যাচেই অন্তত একবার করে জাল খুঁজে পেয়েছেন। হানসি ফ্লিক তাকে ফলস নাইন হিসেবে ব্যবহার করার পর গোলের ধারও বেড়েছে আরও।
মাঠের এমন পারফরম্যান্সের মধ্যেই বার্সেলোনায় তার ভবিষ্যৎও প্রায় নিশ্চিত হওয়ার পথে। ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো জানিয়েছেন, ২০৩০ সাল পর্যন্ত রাফিনিয়ার চুক্তি নবায়নের আলোচনা অনেকটাই এগিয়েছে।
বার্সেলোনাতেই ক্যারিয়ারের শেষ পর্যন্ত থাকতে চান রাফিনিয়া। নতুন চুক্তির আলোচনা এগোনোর খবরটা তাই উদযাপন করলেন ইতিহাস গড়া আরেকটি হ্যাটট্রিক দিয়ে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.