ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় কক্সবাজার প্রধান সড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ‘আল-মদিনা’ নামের একটি ভাড়ায় চালিত অটোরিকশার যাত্রী আসনে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানসহ মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী (মৌলভী মনজুরের বাড়ি), সিটি কলেজের পেছন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল মনজুর এবং মাতার নাম শামশুন নাহার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক সোমেন মন্ডল জানায়, আসামির কাছ থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ১০টি বান্ডেল ছিল। প্রতিটি বান্ডেলে ১০টি করে নীল রঙের জিপারলক পলিপ্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এভাবে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ প্যাকেটের মোট ওজন ১ দশমিক ৯৪০ কেজি।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে গ্রেফতার মিজানুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(গ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.