ভয়েস নিউজ ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকায় মাদক সেবনের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহতের নাম আব্দুস সামাদ (৬০)। সোমবার (২৬ অক্টোবর) ভোরে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেন (৩০) পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সারা রাত বাইরে থেকে ভোররাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরেন আনোয়ার হোসেন। বাসায় ফিরেই তিনি বাবার কাছে নেশা সেবনের টাকা চান।
এ সময় তার বাবা আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকার করলে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে তার বাবা আব্দুস সামাদের মাথা ও বুকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। বাবাকে হত্যার পর ছেলে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.