প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৩:০২ পি.এম
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন
ভয়েস প্রতিবেদক:
টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকার পরিত্যক্ত নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
আজ (বৃহস্পতিবার) বিকালের পর আগুনের চাপ কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে আগুনের মুখবন্ধের ৭ মিনিটের মাথায় আবারো আগুন ধরে যায়।
বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, "আজ আমরা প্রথমে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনব। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ এবং বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "এটি শুধু একটি পকেট গ্যাসের ঘটনা নাও হতে পারে। আমাদের প্রাথমিক।মূল্যায়নে এখানে একটি গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ শুরু করা হবে। জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো বা রিজার্ভের অবস্থান নির্ধারণ করা হবে।"
জানা গেছে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ মনে করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের পরও আগুন না নিভে অব্যাহতভাবে জ্বলতে থাকায় বাপেক্সের বিশেষজ্ঞরা বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নেন।
এরপর আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। দীর্ঘ প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ শেষে আজ সেই অপারেশন শুরু হচ্ছে। সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গেলে পরবর্তী ধাপে সম্ভাব্য গ্যাসক্ষেত্রের প্রকৃত মজুত ও বিস্তৃতি নির্ণয়ে বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান চালাবে বাপেক্স।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.