খেলাধুলা ডেস্ক:
ফরাসি লিগ ওয়ানে দাপট অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে লরিয়াঁকে ২-০ গোলে হারিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে লুইস এনরিকের দল। পার্ক দে প্রিন্সেসে জয়ের পথে একটি করে গোল করেছেন সেনি মায়ুলু ও উসমান দেম্বেলে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। ওই সময় দারুণ এক ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে দেন সেনি মায়ুলু। চলতি লিগে শেষ পাঁচ ম্যাচে এটি তার চতুর্থ গোল।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে পিএসজি। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। মিকা গোডটসের তৈরি করে দেওয়া সুযোগ থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠান ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ষষ্ঠ গোল।
শেষদিকে লরিয়াঁ গোলের ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। তবে ৮৫ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেনি তারা। ইব্রাহিমা বালদে শট লক্ষ্যভ্রষ্ট করলে ব্যবধান আর কমেনি।
এই জয়ে ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা প্যারিস এফসির চেয়ে এখন ছয় পয়েন্টে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমের প্রথম তিন ম্যাচে জয় না পাওয়া দলটি এরপর টানা নয় ম্যাচ জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.