খেলাধুলা ডেস্ক:
শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে আইপিএল। দুবাইয়ে অনুশীলনে নামার আগে চেন্নাই সুপার কিংসের সব মিলিয়ে ১০ জন করোনা পজিটিভ হয়েছেন! এই তালিকায় একজন পেস বোলারসহ সাপোর্ট স্টাফও আছেন।
সেই পেস বোলারের নাম জানানো হয়নি। তবে জানা গেছে তিনি ভারতীয় জাতীয় দলের হয়েও খেলেছেন। দলের এতজন করোনা পজিটিভ হওয়ায় চেন্নাই সুপার কিংসের মাঠে অনুশীলনের প্রস্ততিও পিছিয়ে দেওয়া হয়েছে। পুরো দলকে এখন হোটেল বন্দী হয়ে থাকতে হবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য দলকে যেখানে তিনবার করোনা টেস্ট করাতে হচ্ছে, সেখানে চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফকে এখন চারবার এই টেস্ট করাতে হবে।
আইপিএলে অংশ নিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস গত ২১ আগস্ট দুবাই এসে পৌঁছায়। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল শুরু হবে। দুবাই, আবুধাবী এবং শারজাহ এই তিনটি শহরে বসবে আইপিএলের ১৩তম আসর।
দুবাইয়ে এরই মধ্যে আইপিএলের সবগুলো দল পৌঁছে গেছে। সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে দলগুলোকে কাটাতে হচ্ছে। চেন্নাই সুপার কিংস দুবাই রওয়ানা হওয়ার আগে চেন্নাইয়ে কয়েক দিনের অনুশীলন ক্যাম্প করেছিল।
দুবাইয়ে কোয়ারেন্টিনের প্রথম, তৃতীয় এবং ষষ্ঠ দিন- তিনবার করোনা টেস্ট করানো হবে ক্রিকেটারদের। এই তিন টেস্টেই নেগেটিভ আসার পর ক্রিকেটাররা মাঠে অনুশীলনের অনুমতি পাবেন। এখন চেন্নাই সুপার কিংসের জন্য এই অনুশীলনে নামাটা একটু পিছিয়ে যাচ্ছে।
টুর্নামেন্ট শুরুর এখনো বেশ বাকি। দলগুলোর অনুশীলনই শুরু হয়নি। কোয়ারেন্টিন চলছিল। এরই মধ্যে একটি দলের ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ ও ফ্র্যাঞ্চাইজি- সবমিলিয়ে ১০ জন করোনা পজিটিভ!
আমিরাতের মাটিতে ৫৩ দিনের ৬০ ম্যাচের আইপিএল শুরুর আগেই যে গোত্তা খেল!
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.