ভয়েস নিউজ ডেস্ক:
রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর থেকে প্যারিসের ক্লাবে অসুখী মনে হচ্ছিল নেইমারকে। বার্সেলোনায় ফেরার জন্য বহু চেষ্টা করেছেন। তাকে ফিরে পেতে লিওনেল মেসিও কম চেষ্টা করেননি। এখন মেসিকে পিএসজিতে আনতে অনুরোধ করেছেন ব্রাজিলিয়ান। বিইন স্পোর্টসের সাংবাদিক ত্রানকেদি পালমেরি এই টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।
মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর নেইমার তার ক্লাবকে এই অনুরোধ করেছেন বলে জানিয়েছেন আরেক সাংবাদিক স্কাই স্পোর্টসের ব্রায়ান সোয়ানসন। তিনি টুইটে বলেন, ‘তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।’
ত্রানকেদি পালমেরি মেসির প্রতি পিএসজির আগ্রহ নিয়ে দুটি টুইট করেন। প্রথম টুইটে তিনি জানান, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ আরেক টুইটে বলেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’
এদিকে ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার মেসি-নেইমারের মধ্যে ফোনে কথা হয়েছে। শুধু নেইমার নন, পিএসজি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াও নাকি তার স্বদেশির সঙ্গে কথা বলেছেন। তবে পিএসজি বার্সা কিংবা মেসির এজেন্ট বাবা হোর্হে মেসির কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব রাখেনি।
তবে পিএসজির স্পোর্টস ডিরেক্টর লিওনার্দো মেসির সঙ্গে বার্সার চুক্তির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’। চুক্তির ঠিক কোন শর্ত বলে বার্সা মেসিকে ধরে রাখতে চায় এবং আর্জেন্টাইন তারকা কত বেতন, কত দিন থাকতে চান লিওনার্দো নাকি এসব তথ্যও জানতে চেয়েছেন। মেসির প্রতিনিধিদলকে লিওনার্দো নাকি বলেছেন, প্রস্তাব রাখার আগে কিছু বিষয় অবশ্যই তাদের বিবেচনা করতে হবে। এর মধ্যে আর্থিক সঙ্গতি নীতি (এফএফপি) গুরুত্ব পাচ্ছে।
মেসির রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এ দামে তাকে কেনার ভাবনা পিএসজির নেই বলেই মনে করছে সংবাদমাধ্যমগুলো। তবে ফ্রি-তে কিংবা এর চেয়েও কম দামে মেসির বার্সা ছাড়ার পথ খুললে পিএসজি চ্যালেঞ্জটা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। এর মানে হলো, ফিফার অনুমোদন পেলে তিনি বিনা মূল্যে অন্য কোনো দলে যেতে পারবেন। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.