ভয়েস নিউজ ডেস্ক:
গ্যালারিতে বসে প্রথম ম্যাচে সতীর্থদের চোখধাঁধানো ফুটবল দেখেছিলেন। সুইডেনের বিপক্ষে মাঠে নেমে নিজেই আলো ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুর্দান্ত ফ্রি-কিকে গোলের শতক ছোঁয়ার পর দ্বিতীয়ার্ধে করলেন আরেকটি চমৎকার গোল। উয়েফা নেশন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল।
সোলনায় মঙ্গলবার ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলা সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
দাপুটে ফুটবলে ক্রোয়াটদের ৪-১ গোলে উড়িয়ে আসর শুরু করা পর্তুগালের প্রথমার্ধের পারফরম্যান্স অতটা আহামরি ছিল না। তবে, দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরা দলটির সামনে কোনো বাধাই দাঁড় করাতে পারেনি সুইডেন।
২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো তারা; কিন্তু ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের দারুণ বাঁকানো ক্রসে গোলমুখে বলে পা লাগাতেই পারেননি পেপে। পাঁচ মিনিট পর কর্নারে রোনালদোর নিচু শট দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে ঠেকান গোলরক্ষক রবিন ওলসেন।
৪০তম মিনিটে ওলসেনের দৃঢ়তায় অপেক্ষা বাড়ে আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের পথে থাকা রোনালদোর। ফের্নান্দেসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন তিনি; দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
পাঁচ মিনিট পরই জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন তিনি। ১৬৫ ম্যাচ খেলে দারুণ এই কীর্তি গড়লেন ইউভেন্তুস তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই, ১০৯টি।
গোল হজমের আগেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। জোয়াও মোতিনিয়োকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার গুস্তাভ সভেনসন। ওই ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে নেন রোনালদো।
৬১তম মিনিটে একটুর জন্য ব্যবধান দ্বিগুণ হয়নি। রাফায়েল গেররেরোর ক্রসে ফের্নান্দেসের ভলি ক্রসবারে লাগে। ব্যবধান দ্বিগুণ হতে অবশ্য খুব বেশি দেরিও হয়নি।
৭২তম মিনিটে রোনালদোর আরেকটি চমৎকার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। জোয়াও ফেলিক্সের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে জোরালো কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান ইউভেন্তুস তারকা।
শেষ দিকে ব্যবধান আরও বাড়তে পারতো। দারুণ দুটি সুযোগ পেয়েছিলেন তরুণ ফরোয়ার্ড ফেলিক্স, কিন্তু কাজে লাগাতে পারেননি তিনি। প্রথমবার গোলমুখে ঠিকমতো বলে পা লাগাতে পারেননি তিনি আর তার দ্বিতীয় প্রচেষ্টা ঝাঁপিয়ে ঠেকান ওলসেন।
একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফ্রান্স।
পর্তুগাল ও ফ্রান্সের পয়েন্ট সমান ৬। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। সুইডেন ও ক্রোয়েশিয়ার অর্জন শূন্য। সূত্র:বিডিনিউজ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.