খেলাধুলা ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসের শেষ দিকেই দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। তবে সিরিজটি নিয়েই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী- সিরিজটি নিয়ে শ্রীলঙ্কার যে বায়োসিকিউর বাবল প্ল্যান, সেটিই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে সবকিছু। কারণ বাংলাদেশকে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। এই সময়ে থাকতে হবে হোটেলবন্দী, করা যাবে না অনুশীলনও।
শ্রীলঙ্কার ন্যাশনাল হেলথ অ্যান্ড সিকিউরিটি এজেন্সি ক্রিকেট শ্রীলঙ্কাকে (এসএলসি) বিষয়টি নিশ্চিত করতে বলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) যা বড় ভাবনায় ফেলেছে।
এসএলসি বিষয়টি বাংলাদেশকে আনঅফিশিয়ালি জানিয়েছে এরই মধ্যে। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম যা স্বীকার করে বলেছেন, ‘হ্যাঁ, আমরা এটা শুনেছি। যদিও আমরা বিভিন্ন মাধ্যম থেকে নানা কিছু শুনছি। তারা তাদের বায়ো-বাবল পরিকল্পনা ও ভ্রমণের বিষয় নিয়ে এখনো কিছু পরিষ্কার করেনি।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজটি হওয়ার কথা ছিল মূলত জুলাই-আগস্টে। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়। পরে দুই বোর্ডের আলোচনায় নির্ধারিত হয় নতুন সূচি। যদিও এখনো সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষিত হয়নি।
বিসিবি দাবি করছে, তারা আগে জানতে পেরেছিল কোয়ারেন্টাইন পর্বে ট্রেনিং ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা যাবে। তাই জাতীয় দলের সঙ্গে হাই পারফরম্যান্স দলকেও শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা নিয়ে রেখেছে বিসিবি। যারা নিজেদের মধ্যে খেলবে প্রস্তুতি ম্যাচ। সিরিজ শুরুর প্রায় এক মাস আগে যাওয়ার কথা বাংলাদেশ দলের। শ্রীলঙ্কা আয়োজক হলেও তাদের ব্যবস্থাপনায় যাওয়ার আগে সব খরচ বহন করবে বিসিবিই।
কিন্তু শ্রীলঙ্কার ন্যাশনাল হেলথ অ্যান্ড সিকিউরিটি এজেন্সির যে পরিকল্পনা, তাতে স্পষ্ট কোয়ারেন্টাইনের সময়টায় সফরকারীদের কেবল হোটেলে বন্দী থাকতে হবে। ফলে বিসিবির পরিকল্পনাও এখন অনেকটা অনিশ্চয়তার মুখে পড়েছে।
আকরাম খান বলছেন, ‘তাদের পরিকল্পনা ও সূচি পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। খুব দ্রুতই আমরা তা নিতে পারব বলে আশা করছি।’
কোনো অনুশীলন ও প্র্যাকটিস ম্যাচ ছাড়া যদি ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব করতে হয়, তবে শ্রীলঙ্কায় যাওয়া কঠিন হয়ে যাবে বলেও জানিয়েছেন আকরাম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.