শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
এম.এস সাত্তার:
কক্সবাজার শহরের কলাতলী থেকে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।শহরের মধ্যম কলাতলীতে শামসুল ইসলামের বাড়িতে শনিবার ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মামুনুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা হলেন শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা ও ছোট ছেলে সাইফুল ইসলাম। তাদের বাড়ি ১২ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকায়।
মামুনুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে নৌপথে শুক্রবার মধ্যরাতে মাদকের একটি চালান শহরে প্রবেশ করেছে, এমন তথ্যের ভিত্তিতে কলাতলীতে অভিযান চালানো হয়। অভিযানের সময় শামসুল ইসলামের বাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় বাড়িতে থাকা শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা ও ছোট ছেলে সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।
আটক সাইফুল ইসলাম বলেন, এই ইয়াবা চালানের সাথে তার বাবা ও বড় ভাই জড়িত রয়েছেন। তারা এগুলো নৌপথে এনে পাচারের উদ্দেশে মজুত করেছিলেন।
পুলিশ জানিয়েছে, পলাতক শামসুল ইসলাম ও তার ছেলে রাসেলকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।