বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক রামু:
রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রামু উপজেলার বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা কক্সবাজার-জ-১১-০২৭০ নম্বরের জনতা পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউজপাড়া (ফাতেরঘোনা) এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযুক্তের দুই হাঁটু ও লুঙ্গির কোচরে স্কচটেপ, ব্যান্ডেজ কাপড় ও টিস্যু পেপারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার মধ্যে ডান হাঁটু থেকে ৪ হাজার, বাম হাঁটু থেকে ৪ হাজার এবং লুঙ্গির কোচর থেকে ২ হাজার পিসসহ মোট ১০ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৯৫০ গ্রাম।
এ ঘটনায় উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় রামু থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/আআ