রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
চাল আত্মসাতের অভিযোগে বহিস্কৃত সেই ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। সে গত ২০২০ সালের ২৮ এপ্রিল পেকুয়া উপজেলার টৈটং ইউপির চেয়ারম্যানপদ থেকে বহিস্কৃত হন। অথচ গত সোমবার (১৫মার্চ) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত অনুলিপিতে তাকে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে সর্বত্রে চলছে আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্র জানিয়েছেন, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হন জাহেদুল ইসলাম চৌধুরী। মানবিক সহায়তার ১৫ মেট্রিক টন চাল আত্মসাত করে কালোবাজারে বিক্রির অভিযোগে গত ২০২০ সালের ২৮ এপ্রিল পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বাদি হয়ে ইউপি চেয়ারম্যান জাহেদুলকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
ওই সময়ে মামলা রুজু হওয়ার পরদিন অর্থাৎ ২৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে সাময়িক বহিস্কার করে। একই সঙ্গে ৩০ এপ্রিল তাকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকেও বহিস্কার করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্তে জাহেদুল ইসলাম চৌধুরী কর্তৃক চাল আত্মসাতের বিষয়টি প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের ২৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে ওই পদ থেকে স্থায়ী বরখাস্ত করে চেয়ারম্যান পদ শূণ্য ঘোষনা করে।
চাল চুরির মামলাটি বর্তমানে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) নাদির শাহ তদন্ত করছেন। উপ পরিদর্শক বলেন, চাল আত্মসাতের মামলাটি এখনও তদন্তাধীন। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে তিনি সাংবাদিকদের কোন কথা বলতে রাজি হননি।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জাহেদ জনপ্রিয় চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে চাল আত্মসাতের যে অভিযোগ উঠেছিল তা মিথ্যা। চেয়ারম্যান প্রার্থী জাহেদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। একারণে আওয়ামী লীগ জাহেদকে আবারও নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছে।
আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আরো জানান, পেকুয়া উপজেলার তদানীন্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইকা শাহাদত উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে অত্যন্ত কৌশলে দস্তখত আদায় করেই চাল আতœসাতের ঘটনা ঘটিয়েছিলেন। প্রাথমিক তদন্তে এসব প্রমাণিত হওয়ায় উক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও শাস্তিমূলক বদলি করা হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানিয়েছেন, চাল কেলেংকারির ঘটনার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলামকে বরখাস্ত করার পর দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। একারনে জেলা থেকে সম্ভাব্য দলীয় প্রার্থীদের যে তালিকা পাঠানো হয়েছে সেখানে জাহেদুর ইসলাম চৌধুরীর নাম পাঠানো হয়নি।
পেকুয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহেদি হাসান ফরাজী বলেন, ‘চাল আত্মসাতের বিষয়টি আপনারা যেভাবে জানেন আমিও সেভাবে জানি। তবে আমি টৈটং ইউপিতে মনোয়ন প্রত্যাশী ছিলাম। যেহেতু দল আমাকে মনোনয়ন না দিয়ে জাহেদকে দিয়েছেন, সেব্যাপারে আমার মন্তব্যের প্রয়োজন নেই।
এব্যাপারে জানতে চাইলে জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘চাল আত্মসাতের বিষয়টি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। আমাকে কোন সময় বহিস্কার করেনি। বিষয়টি কক্সবাজার জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দরা অবগত আছেন। প্রয়োজনে শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন করতে পারেন’।
নাম প্রকাশে অনিচ্ছুক পেকুয়া উপজেলার একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগে দল থেকে ও স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বরখাস্ত হয়েছেন। যে পদটি থেকে তাকে সরকার বরখাস্ত করেছে, সে পদে আসীনের জন্য তাকে আবার মনোনয়ন দেওয়াটা মোটেই ভাল কাজ হয়নি। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি টৈটং ইউপি নির্বাচনে প্রর্থীতা নিয়ে পুন:সিদ্ধান্ত নেওয়া হোক।
ভয়েস/আআ