শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা অফিস ইনচার্জ ও সাবেক সংবাদকর্মী আমান ওয়াহিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯জুন) সকাল ১০টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা সিকদার প্লাজার ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা অফিস (১০নং) কক্ষের তালা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের বাসিন্দা মৌলভী ছৈয়দ আহমদের ৩য় পুত্র।
পারিবারিক সুত্র জানিয়েছেন, সম্প্রতি জুন ক্লোজিং, করোনা আতংক ও যানবাহন সংকটের কারণে আমান ওয়াহিদ গত ২/৩দিন ধরে বাড়িতে যায়নি। সে রাতে হ্নীলা ষ্টেশনের বৈশাখী হোটেল থেকে খাবার খাওয়ার সময় হঠাৎ মাথাব্যথা অনুভব করে। সে দ্রুত এজেন্ট ব্যাংকিং হ্নীলা শাখা অফিসে অবস্থান নেয়। সকাল পৌনে ১০টা হলেও অফিস না খোলায় হোটেলের লোকজন ডাকাডাকি শুরু করে। এতে কোন ধরনের সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তালা ভেঙ্গে অফিসের ভেতরে ঢুকে সাড়া-শব্দ ছাড়া দেওয়ালে ঠেস দেওয়া অবস্থায় দেখতে পায়। অনেকের ধারণা সে হার্টস্ট্রোক করেছে। বিকাল ৫টায় তার গ্রামের বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমান ওয়াহিদ মৃত্যুকালে স্ত্রী, মা-বাবা, ৪ভাই, ৫ বোন, সহকর্মী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন রেখে যান। ব্যাংকে চাকরির পুর্বে জাতীয় দৈনিক সকালের খবর ও স্থানীয় দৈনিক সমুদ্র কন্ঠ পত্রিকায় টেকনাফ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন।
এদিকে আমান ওয়াহিদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডটকম’র উপদেষ্টা সম্পাদক আবু তাহের, প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ, সম্পাদক বিশ্বজিত সেন, বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু ও বিশেষ প্রতিনিধি এমএ সাত্তার সহ ভয়ের পরিবার।
ভয়েস/আআ