শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
আমিনুল হক, মহেশখালী:
সরকারি ভাবে লকডাউন শিথিল করায় মহেশখালী হতে কক্সবাজার নৌপারাপারে যাত্রী সাধারণের জন্যে নতুন করে ভাড়া নির্ধারণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসন ও মহেশখালী উপজেলা প্রশাসন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি চিন্তা করে আগামী ১১ আগস্ট থেকে লকডাউন শিথিল করায় সড়ক ও আকাশ পথে নতুন করে যাত্রী সাধারণের জন্যে ভাড়া নির্ধারণ করা হয়েছে। তারই আলোকে মহেশখালী হতে কক্সবাজার নৌপারাপারেও যাত্রী সাধারণের জন্যে নতুন করে ভাড়া নির্ধারণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসন ও মহেশখালী উপজেলা প্রশাসন।
এব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, মহেশখালী হতে কক্সবাজার নৌপারাপারে যাত্রী সাধারণের যেন কোন প্রকার বিঘ্ন না ঘটে এব্যাপারে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি শিথিল হওয়া লকডাউনে যাত্রী সাধারণের জন্যে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়। নির্ধারণ মতে, প্রতিজন যাত্রী স্পীড বোট ভাড়া ৮৫ টাকা। স্পীড বোটে মোট যাত্রী হবে ৯ জন। গাম বোটে প্রতিজন যাত্রী ভাড়া ৩৫ টাকা। গাম বোটে মোট যাত্রী হবে ৩৫ জন। এছাড়াও ১০ বছরের নিচে শিশুদের ভাড়া এবং ১০ কেজির নিচে মালামালের টোল ফ্রি থাকবে বলে জানা গেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।
ভয়েস/আআ