সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সিনেমার এই মন্দা সময়েও একের পর এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের ওপর ভর দিয়ে ক্যারিয়ার গড়ছেন- এমন কথা যে নায়িকাকে ভাবা হতো তার বর্তমান ক্যারিয়ারগ্রাফ সবাইকে অবাক করেছে, সেটা বলাই যায়। ক্যারিয়ারের শুরুর কয়েক বছর বুবলীকে একটাই প্রশ্ন শুনতে হয়েছে, নায়ক হিসেবে শুধু শাকিব খানই কেন? অন্য নায়কের সঙ্গে কবে কাজ করবেন? কিংবা আদৌ করবেন কি না? এসব প্রশ্নের উত্তরে বুবলী সব সময় বলে এসেছেন, ‘ভালো গল্প, চরিত্র ও টিম পেলে আমি যে কোনো সময় অন্য নায়কদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ তখন সবাই সেগুলো নায়িকার মুখের কথা মনে করলেও বুবলী তার কথার সত্যতা প্রমাণ করেছেন। শুরুটা হয় সৈকত নাসিরের হাত ধরে। তিনিই বুবলীকে কাস্ট করেন সুদর্শন নায়ক নীরবের বিপরীতে ‘ক্যাসিনো’ সিনেমায়। সেই ছবিটি এখনো মুক্তি না পেলেও নীরবের সঙ্গে আরেক সিনেমা ‘চোখ’ সম্প্রতি বড় পর্দায় এসেছে। এতে নায়ক হিসেবে আরও ছিলেন জিয়াউল রোশান। এখন বুবলী শাকিব খানের সঙ্গেই কাজ কম করছেন। তিনি যেমন অন্য নায়কদের সঙ্গে একের পর এক সিনেমা করছেন, শাকিব খানও সম্প্রতি শেষ করেছেন পূজা চেরীর সঙ্গে ‘গলুই’ ও কলকাতার দর্শনার সঙ্গে ‘অন্তরাত্মা’।
এখানেও নতুন সমীকরণ দাঁড় করাতে চাইবেন অনেকে। বলবেন, ‘তাহলে কি শাকিব খান আর বুবলীর কেমিস্ট্রিতে ভাটা পড়ল? তার উত্তর হলো, এই জনপ্রিয় জুটির একটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায়। ছবিটি ছোট পর্দার ব্যস্ত নির্মাতা তপু খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’। মোটকথা সবদিক ব্যালেন্স করেই কাজ করছেন বুবলী।
নতুন খবর হলো, গত ৪ নভেম্বর নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি মুখের এই নায়িকা। ‘কয়লা’ নামের এই ছবি নির্মাণ করতে যাচ্ছেন সাইফ চন্দন। জানা গেছে, আগামী সপ্তাহে যশোরে ছবিটির শ্যুটিং শুরু হবে। গল্পের প্রয়োজনেই এই এলাকায় যেতে হচ্ছে। সেখানেই আগামী সপ্তাহ থেকে টানা শ্যুটিং করার ইচ্ছে। বুবলীর নাম প্রকাশ করলেও ছবিটিতে তার নায়ক হিসেবে কে থাকছেন তা এখনো চমক হিসেবেই আছে। খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে। শুধু তাই নয়, বাকি শিল্পীরাও চূড়ান্ত হবেন চলতি সপ্তাহে। কিছুটা ডার্ক সাইটের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কয়লা’। বুবলী বলেন, ‘এতদিন যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, বলা যায় এখানে তার বিপরীত একটি চরিত্রে আমাকে দেখা যাবে। থাকবে না কোনো গ্ল্যামার। চরিত্রটি নিয়ে অন্যরকম এক জার্নির মধ্য দিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘কয়লা ছবিটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। চরিত্রটিতে অভিনয়ের দারুণ সুযোগ রয়েছে। তাই গল্প শোনার পর চরিত্রটি করতে রাজি হয়েছি। চন্দন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করি সব মিলিয়ে দারুণ কিছু হবে।’
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘ছবিটি মূলত অ্যাকশন থ্রিলার ধাঁচের। যে ধরনের সিনেমা আমাদের এখানে হয়, তার চেয়ে একটু আলাদা। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। তাই বলে কি নতুন কিছু করার চেষ্টা করতে পারি না? আমি আন্তর্জাতিক মানের সিনেমা দর্শকদের উপহার দেওয়ার স্বপ্ন দেখি। আমি হয়তো সেই স্বপ্ন নাও ছুঁতে পারি, কিন্তু আমার চেষ্টা দেখে অন্য একজন সফল হতেও পারে। তাই সাহস করে ‘কয়লা’র গল্পটি বেছে নিয়েছি। এতে ৭০-৮০টির মতো চরিত্র রয়েছে। এতদিন ঢাকাতেই সব ছবির শ্যুটিং করেছি। এবারই প্রথম গল্পের প্রয়োজনে যশোরের বর্ডারের পাশে শ্যুটিং করব। সেখানে এখন প্রচুর ঠান্ডা। এই আমেজটাই আমার ছবির জন্য দরকার। এবারের শীত প্রপারলি কাজে লাগাতে না পারলে আমার ছবি শেষ করতে এক বছর দেরি হয়ে যাবে। তাই টানা কাজ শেষ করতে চাই।’ বুবলীকে এমন একটি ছকের বাইরের গল্পে কাস্ট করা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বড় স্টার হলেও কাজ করব, এটা কখনোই ভাবি না। আমার প্যাশনের সঙ্গে কে সবচেয়ে বেশি একাত্ম হতে পারে সেটাই গুরুত্বপূর্ণ। বুবলী গল্পটি শুনে দারুণ আগ্রহ দেখিয়েছে। তারমধ্যেও নতুন কিছু করে দেখানোর ক্ষুধা। বিষয়টি তার এবং আমার, দুজনের জন্যই চ্যালেঞ্জিং। তাই আমি চাই, তিনি চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেই ক্যামেরার সামনে দাঁড়ান। আমাদের এখানে সিনেমার জন্য রিহার্সেলের চর্চা খুব একটা নেই। কিন্তু আমার এই সিনেমার জন্য রিহার্সেলের ব্যবস্থাও করেছি। এখন দেখা যাক, শেষমেশ স্বপ্নের কতটা কাছাকাছি যেতে পারি।’
সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হচ্ছে ‘কয়লা’। নতুন বছরের প্রথম ভাগেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মাণকাজ শুরু হচ্ছে বলে জানা গেছে।মুক্তির অপেক্ষায় আছে বুবলীর বেশ কিছু সিনেমা। এরমধ্যে সৈকত নাসিরের ‘তালাশ’ অন্যতম। এ ছবিতে তার নায়ক আদর আজাদ চৌধুরী।
ভয়েস/আআ