EDITOR
- ১২ জুন, ২০২২ /

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধরের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুন) ভোররাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল কুলিয়াপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার আরমান (৩০) ও রায়হান (২৮)। এরা দুইজনই সরাসরি ঘটনার সাথে জড়িত বলে জানান পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস কক্সবাজার ভয়েসকে জানান, কক্সবাজার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধে গত ৩১ মে বিকেলে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করেছে তিন দুর্বৃত্ত। পরে শনিবার তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।এরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
ওসি আরও জানান, শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে মাঠে পুলিশ কাজ শুরু করে পুলিশ। তারই ধারাবাহিকতায় ভোররাতে খুরুশকুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
ওসি গিয়াস আরও জানান, ভুক্তভোগী পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে। এটি হাতে পেলে পুলিশ মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করবে পুলিশ।
সেদিনের ঘটনায় আহত আব্দুল মোনাফ বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে আমাদের ফ্ল্যাট আছে। সেখান থেকে ৩১ মে আমার বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা আমার বোনকে নোংরা ভাষায় কথা বলছিল।
‘পরে আমার বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বারবার পথ আটকাচ্ছিল। আমি প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় তাকে কেন মেরেছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।’
মোনাফ অভিযোগ করেন, সেদিন আহত হয়ে তিনি হাসপাতালে যান। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।
ভয়েস/আআ