বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৬১-এর শহীদ দিবস : গোয়েন্দা প্রতিবেদন

ছবি-সংগৃহিত

ড. এম এ মোমেন:
পূর্ব পাকিস্তান পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) এ এম এ কবীর প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্র সচিব এ কিউ আনসারিকে যে প্রতিবেদন (ইংরেজিতে লিখিত) প্রেরণ করেন, এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে বাংলায় সংক্ষেপে ভাষান্তর করা হলো :

প্রতিবেদনের বিষয় : ২১ ফেব্রুয়ারি ১৯৬১ শহীদ দিবস উদযাপন

১. অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা প্রদেশের বিভিন্ন স্থানে সম্মিলিতভাবে শহীদ দিবস পালন করছে। বৃহৎ কলেবরে যথারীতি ঢাকাতেই অনুষ্ঠানগুলো হয়েছে, বয়োজ্যেষ্ঠরা সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।

২. পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ১২ জানুয়ারি ১৯৬১ পার্টির কর্মীদের জন্য একটি প্রজ্ঞাপন জারি করে, তাতে শহীদ দিবস উদযাপনের সময় নিম্নবর্ণিত দাবিনামা পেশ করার নির্দেশ দেওয়া হয় :

ক. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন

খ. সংসদীয় সরকার

গ. শিক্ষার মাধ্যম বাংলা ভাষা

ঘ. ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন

ঙ. শহীদ মিনার নির্মাণ সমাপ্তকরণ

সরকারের বিরোধিতার পরও যদি জনগণকে সংঘবদ্ধ করে সম্মিলিতভাবে শহীদ দিবস পালনের উদ্যোগ নেওয়া যায় তাহলে এটি সফল প্রতিরোধ দিবস হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রজ্ঞাপনে পরামর্শ দেওয়া হয়। পার্টির ঢাকা জেলা সাংগঠনিক কমিটিও একটি প্রজ্ঞাপন জারি করে ছাত্রদের মাধ্যমে সরকারের কাছে পেশ করার জন্য তিনটি দাবিনামার উল্লেখ করেছে :

ক. ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা

খ. শহীদ মিনারের নির্মাণকাজ সমাপ্ত করা

গ. উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে এবং পূর্ব পাকিস্তানে সব দাপ্তরিক কাজে বাংলা ভাষা চালু করা।

৩. উল্লেখ করা যেতে পারে, ১ জানুয়ারি ১৯৬১ নারায়ণগঞ্জ ন্যাশনাল আওয়ামী পার্টি যথাবিহিত মর্যাদার সঙ্গে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং ছাত্রদের কাঁধে না চাপিয়ে যুবক এবং জনগণের সক্রিয় সহযোগিতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

৪. ইস্ট পাকিস্তান ইয়ুথ লিগের কর্মীরা ২৭ জানুয়ারি ১৯৬১ শহীদ দিবস মর্যাদার সঙ্গে পালনের উদ্দেশ্যে একটি গোপন বৈঠক করেছেন। তারা শহীদ মিনার সাজানোর জন্য ছাত্রদের কাছে আবেদন জানান এবং বাংলা ও ইংরেজি পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের দাবিও করেন।

৫. ক্রোড়পত্র প্রকাশের জন্য সংবাদপত্রের কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তারা তা প্রত্যাখ্যান করেন। তবে ‘ইত্তেফাক’ ও ‘সংবাদ’ সম্পাদকীয় প্রকাশ করে সংবাদ অসমাপ্ত শহীদ মিনারের ছবিও মুদ্রণ করে। পাকিস্তান অবজার্ভার, ইত্তেফাক এবং সংবাদ আনুষ্ঠানিকভাবে অফিস বন্ধ রাখলেও পরদিনের পত্রিকা ছাপার আয়োজন করে এবং যথারীতি পত্রিকা বেরোয়।

৬. ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ডাকসুতে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মূলত প্রধান পদসমূহ দখল করে আছে। তারা এবং বিভিন্ন হলে তাদের সমর্থকরা শহীদ দিবস পালনে প্রস্তুতিতে নেতৃত্ব দিয়েছেন।

৭. ইস্ট পাকিস্তান স্টুডেন্স ইউনিয়ন (এপসু) ১ ফেব্রুয়ারি এক গোপন বৈঠকে মিলিত হয়ে শহীদ দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা করে। সব হলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি এবং ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের নিয়ে আরও একটি বৈঠকের সিদ্ধান্ত হয়; প্যামফ্লেট ও পোস্টার মুদ্রণ, প্রভাতফেরি বের করা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্তও নেওয়া হয়। শহীদ মিনারের কাজ সম্পন্ন করার জন্য ভাইস চ্যান্সেলরকে স্মারকলিপি দেওয়া হবে। শিক্ষার মাধ্যম বাংলা করার দাবি জানানো হবে এবং সন্ধ্যায় উদ্যোক্তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন।

৮. যথারীতি ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে ৮ ফেব্রুয়ারি ১৯৬১ এপসুর নেত্রী জাহান আরা আকতারের (তিনি তখন ডাকসুর ভিপি) সভাপতিত্বে ডাকসু অফিসে বৈঠক হয়। যদি এপসুই সংখ্যাগরিষ্ঠ, তারা ডানপন্থি সংগঠন এনএসএফ, এসএফ এবং ইপিএসএল প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানান। যথাযথভাবে শহীদ দিবস পালনের জন্য ঢাকা বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হলের ভিপি ও জিএস-এর স্বাক্ষরে বিবৃতি প্রকাশের সিদ্ধান্ত হয়। তাতে ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন ঘোষণা, শহীদ মিনার নির্মাণকাজ সমাপ্ত করা ও প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার চালুর দাবি জানানো হবে। প্রভাতফেরি সংগঠিত করাসহ শহীদ দিবসের বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়। পরদিন ৯.২.৬১ তা সংবাদপত্রে প্রকাশিত হয়। মুদ্রিত লিফলেট ছড়িয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। জগন্নাথ কলেজ, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় গেট, ঢাকা হলের অডিটোরিয়ামে পোস্টার সেঁটে দেওয়া হয়। কিছু বে-নামা পোস্টারও দেখা যায়। রমনা এলাকায় ন্যাশনাল ব্যাংকের দেয়ালে সাঁটানো পোস্টার দেখা যায়।

৯. কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা ভোরে স্ব-স্ব হলে জমায়েত হন, ভাষা আন্দোলনের শহীদদের জন্য মোনাজাত করে যার যার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সলিমুল্লাহ মুসলিম হল, ইকবাল হল, আবদুর রহমান খান হল এবং জগন্নাথ কলেজ কম্পাউন্ডে কালো পতাকা উত্তোলন করা হয়।

তারপর তারা কালোব্যাজ ধারণ করে নগ্নপদে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আজিমপুর গোরস্তানে গমন করে। কালোব্যাজে এবং সাদা কাপড়ে লেখা ছিল ‘শহীদ স্মৃতি অমর হোক’ এবং ‘একুশে ফেব্রুয়ারি জিন্দাবাদ’।

প্রভাফেরিতে আসার পথে শিক্ষার্থীরা সজোরে নিচের সেøাগানগুলো দেন :

১. ২১ ফেব্রুয়ারি জিন্দাবাদ

২. শহীদ স্মৃতি অমর হোক

৩. রোমান হরফে বাংলা লেখা চলবে না

৪. ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করো

৫. শহীদ মনুমেন্ট তৈরি করো

৬. ছাত্র-জনতা এক হও

৭. ধোঁকাবাজি চলবে না

১০. আজিমপুর কবরস্থানে পৌঁছে তারা বরকত ও সালামের কবরে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করেন। ২১ ফেব্রুয়ারি গুলিবর্ষণে তারা নিহত হন। বাঁশের খুঁটি গেড়ে লাল কাগজে তাতে টানানো পোস্টারে লেখা হয়েছে :

‘হে আমার দেশ, বন্যার মতো, প্রচন্ড অভিজ্ঞতার পলিমাটিকে সরিয়ে এনে একটি চেতনাকে উর্বর করেছি এখানে আমাদের মৃত্যু ও জীবনের সমাপ্তি।’

ছাত্রদের রেখে যাওয়া অন্য পোস্টারে লেখা হয়েছে :

‘আমার ভাষা বাংলা, আমি বাঙ্গালী, এই মহান বার্তা নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিল বঙ্গজননীর সেই শহীদ প্রিয় সন্তান।’

অন্য একটিতে লেখা হয়েছে :

‘মৃত্যুকে যারা তুচ্ছ করেছে ভাষা বাঁচাবার তরে, আজিকে স্মরিও তারে।’

১১. কবরস্থান থেকে ১০০ ছাত্রীসহ ৩০০ শিক্ষার্থীর দুটি সিঙ্গেল লাইন মিছিল ৭টা ৪৫ মিনিটে শহীদ মিনারের দিকে এগিয়ে যায়, তারা কালো পতাকা বহন করেন এবং প্রচলিত কিছু সেøাগান দেন। একটি কালো ব্যানারে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস সরকারি ছুটি ঘোষণা, শহীদ মিনার নির্মাণ সমাপ্ত করা এবং সর্বস্তরে বাংলা চালুর দাবি মুদ্রিত ছিল। অন্যটিতে শহীদ স্মৃতি অমর হোক। প্রথমটি বহন করেছেন জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা, দ্বিতীয়টি ঢাকা হলের ছাত্ররা।’

১২. মিছিল ধীরে ধীরে পিলখানা রোড, ফুলার রোড, নীলক্ষেত রোড, ময়মনসিংহ রোড, ওল্ড গভর্নমেন্ট হাউজ রোড, আবদুল গণি রোড, জিন্নাহ অ্যাভিনিউ, রেলওয়ে স্টাফ কোয়ার্টার রোড, সেক্রেটারিয়েট রোড (ঢাকা মেডিকেল কলেজের আগে পর্যন্ত) প্রদক্ষিণ করে সকাল ১০টায় মেডিকেল কলেজ গেটের কাছে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। শহীদ মিনারের পাদদেশে মিছিলকারীরা পুষ্পমাল্য অর্পণ করেন এবং সেখানে জড়ো হতে থাকেন।

সমাবেশের সামনে বক্তৃতা দেন ঢাকা হল ইউনিয়নের সাধারণ সম্পাদক তাহের উদ্দিন ঠাকুর (এপসু), তিনি ভবিষ্যতেও এই দিনটি উদযাপনের আহ্বান জানান। পুলিশের গুলিতে নিহত হন বরকত, তার বাবার প্রেরিত বার্তা পড়ে শোনান এ কে এম জিয় উদ্দিন (এপসু)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন (ডাকসু) সহসভাপতি জাহান আরা আকতার সিদ্ধান্তসমূহ (দাবিনামা) পাঠ করে শোনান।

ক. শহীদ মিনারের নির্মাণকাজ সমাপ্ত করা

খ. ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা

গ. জাতীয় জীবন ও প্রশাসনের সর্বস্তরে বাংলা প্রচলন

ঘ. বাংলা ভাষাকে এগিয়ে নিতে বাংলা একাডেমির কার্যক্রম জোরদার করা।

সোয়া ১০টার পর থেকে মিছিলে লোক কমতে থাকে।

১৩. ফুল দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সাজানো হয়। একটি বড় কালো পতাকা উত্তোলন করা হয়। মিনারের মেঝে কালো কাপড়ে ঢাকা থাকে। লাল কাগজের পোস্টারে দাবিনামা লেখা হয়। শহীদ মিনারের পাদদেশে ভাষা দিবসের গুরুত্ব নিয়ে লেখা রচনা দেয়ালপত্র স্থাপন করা হয়। এগুলো হচ্ছে :

ক. চতুষ্কোণ : ঢাকা হল ইউনিয়ন

খ. শিখা : ফজলুল হক মুসলিম হল ইউনিয়ন

গ. পদক্ষেপ : ঢাকা মেডিকেল কলেজ ইউনিয়ন

ঘ. রক্ত অক্ষর : সলিমুল্লাহ মুসলিম হল ইউনিয়ন

১৪. শহীদ দিবস উদযাপনে যেসব ছাত্র নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছেন :

১. বদরুল হক (এপসু) ইকবাল হল

২. মওদুদ আহমদ (পিএসএফ) ঢাকা বিশ^বিদ্যালয়

৩. তাহের উদ্দিন ঠাকুর (এপসু) সাধারণ সম্পাদক, ঢাকা হল ইউনিয়ন

৪. বীরেন্দ্রনাথ হালদার (এপসু সমর্থক) সহসভাপতি জগন্নাথ হল ইউনিয়ন

৫. এ কে এম জিয়া উদ্দিন (এপসু) ঢকা বিশ্ববিদ্যালয়

৬. অমূল্য কুমার রায় (এপসু সমর্থক) সাধারণ সম্পাদক, ডাকসু

৭. জাহান আরা আকতার (এপসু সমর্থক) সহসভাপতি, ডাকসু

৮. এ জেড এনায়েত উল্লাহ খান (এপসু)

৯. আবদুল লতিফ মল্লিক, মেডিকেল কলেজ

১০. জাহাঙ্গির খালিদ (এপসু সমর্থক) সহসভাপতি, ঢাকা মেডিকেল কলেজ

১১. আমিনুল ইসলাম (এপসু) সাবেক সহসভাপতি, ডাকসু

১২. আশরাফ উদ্দিন মঘবুল (এপসু) সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু

১৩. এ এন এম শহীদ ওরফে শহীদ সিং (এপসু) সহসভাপতি, ঢাকা হল।

এ আর ইউসুফ একটি মিছিলের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন।

১৫. এ ছাড়া বাইরের যারা এসেছেন তাদের মধ্যে রয়েছেন : কাজী জহিরুল হক, আবদুর রহমান, মিজানুর রহমান, আবদুর রশীদ, শামছুল আরেফিন, শাহ আজিজুর রহমান, আলাউদ্দিন আল আজাদ (অধ্যাপক জগন্নাথ কলেজ) এবং আনোয়ার জাহিদ।

১৬. বিকেলে বাংলা একাডেমি, কার্জন হল, সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হল, জগন্নাথ হল এবং আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

১৭. বাংলা একাডেমির আয়োজনে একাডেমি প্রাঙ্গণে বিকেল ৩:৩০ থেকে ৫টার মধ্যে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর সৈয়দ আলী আহসান, সাহিত্যমোদী প্রায় ৬০ জন অনুষ্ঠানে অংশ নেন। বিশিষ্টজনদের মধ্যে বক্তৃতা করেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক আশরাফ সিদ্দিকী, অধ্যাপক হাসান জামান, অধ্যাপক আবুল কাশেম ও রওশন আরা বেগম। সভাপতি বলেন, যে ভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে, সে ভাষার সমৃদ্ধি ঘটাতে হবে।

১৮. কার্জন হলে বহুল উপস্থিতিতে ডাকসুর একটি সভায় সভাপতিত্ব করেন ডক্টর কাজী মোতাহার হোসেন। ভাইস চ্যান্সেলরও এতে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান (নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য), সাবেক মন্ত্রী মাহমুদ আলী (নিষিদ্ধ ন্যাপের সদস্য) এবং আরও কিছুসংখ্যক রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

জগন্নাথ কলেজের অধ্যাপক অজিত গুহ, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামন, ডক্টর জি সি দেব, বিশ^বিদ্যালয়ের প্রক্টর নুরুল মোমেন বক্তব্য দেন। তাদের দাবিনামায় তিনটি অতিরিক্ত বিষয় যোগ হয় :

ক. বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমিকে সক্রিয় করা।

খ. রোমান হরফে বাংলা চালুর চেষ্টা কিংবা অন্য ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা সহ্য করা হবে না।

গ. পুলিশের গুলিতে নিহতদের কবর রাষ্ট্রীয় খরচে পাকা করা।

গৃহীত সিদ্ধান্তসমূহে ব্যবহৃত ভাষা নিয়ে ডক্টর কাজী মোতাহের হোসেন আপত্তি জানালে হাত তুলে উপস্থিত অংশগ্রহণকারীরা সমর্থন জানান। বাংলা ভাষাও এই দিবসের প্রশংসা করে গীত সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

১৯. সলিমুল্লাহ মুসলিম হলের সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন প্রভোস্ট ডক্টর এম হক এবং ফজলুল হক ও জগন্নাথ হলের সভায় সভাপতি ছিলেন সংশ্লিষ্ট হল ইউনিয়নের সহসভাপতি। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের লেকচার গ্যালারির অনুষ্ঠানে কমিনিউস্ট পার্টির সদস্য এবং সাবেক নিরাপত্তা কারাবন্দি রনেশ দাশ গুপ্ত। তিনি সভায় সভাপতিত্ব করেন। তিনি ছিলেন দৈনিক সংবাদের সহকারী সম্পাদক।

২০. কিছুসংখ্যক ছাত্র সন্ধ্যাবেলায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালিত করে সম্মান জানান।

২১. ৮ ফেব্রুয়ারি ১৯৬১ যে কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল তাতে কালো পতাকা উত্তোলন, মিছিল, সেøাগান এবং শহীদ মিনারের সভা অন্তর্ভুক্ত ছিল না। স্লোগানগুলো নতুন কিছু নয়। গত বছরও তারা একই স্লোগান দিয়েছেন। গত বছরও মিছিল হয়েছে কিন্তু তা শহীদ মিনার থেকে আজিমপুর কবরস্থানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার অনেক বড় আকারে মিছিল হয়েছে এবং সচিবালয়ের সামনে নিষেধাজ্ঞা জারি করা রাস্তায়ও মিছিল চলেছে।

২২. পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট শহীদ মিনারে মিছিল ও মিটিং সামরিক আইনের বরখেলাপ কি না এ নিয়ে পাবলিক প্রসিকিউটরের মতামত গ্রহণ করেছেন। এ মতামত তেমন কোনো কাজে আসেনি।

২৩. ৬ ফেব্রুয়ারি ১৯৬১ ‘দিবস’ পালন-সংক্রান্ত সরকারের নীতিমালা জারি হয়েছে। কোনো রাজনীতিবিদের সক্রিয় অনুপ্রেরণা বা নাশকতামূলক কাজে উৎসাহ প্রদানের প্রমাণ না পাওয়া গেলেও আমি মনে করি শহীদ মিনারের সভায় ও মিছিলে সক্রিয় অংশগ্রহণকারীদের নামের তালিকা ভাইস চ্যান্সেলরের কাছে পাঠানো দরকার, যাতে তিনি তাদের কঠোরভাবে সতর্ক করেন।

যদিও বাইরের কাউকে কেন্দ্রীয় শহীদ মিনারের সভায় বা মিছিলে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি, আমরা প্রাপ্ত প্রতিবেদনগুলো আরও পরীক্ষা করব। সক্রিয় ভূমিকা পালনকারী কেউ শনাক্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ এম এ কবির

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ

(ইন্টেলিজেন্স ব্রাঞ্চ)

পূর্ব পাকিস্তান, ঢাকা

পাবলিক প্রসিকিউটরের অভিমত

প্রেরিত কাগজপত্র দেখেছি, গোয়েন্দা বিভাগের কর্মকর্তার সঙ্গে কথাও বলেছি।

২১ ফেব্রুয়ারির শহীদ দিবসের অনুষ্ঠান রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কিছুসংখ্যক ছাত্রের উদ্যোগে উদ্দেশ্যমূলকভাবে আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ করেছে। তবে গতকাল (২১ ফেব্রুয়ারি ১৯৬১) ছাত্রটা যে মিছিল করেছে তার সঙ্গে রাজনৈতিক দলের কোনো সংস্রব ছিল না। যদি মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের রাজনৈতিক উদ্দেশ্য থেকে না থাকে এবং তা যদি নিহতদের প্রতি তাদের স্বতঃস্ফূর্ত সহানুভূতির বহিঃপ্রকাশ হয়ে তাকে তাহলে এ মিছিলকে রাজনৈতিক প্রকৃতির বলা যাবে না। আর তা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তা মার্শাল ল রেগুলেশন নম্বর ৫৫ এ-র আওতায় আসবে।

পুলিশ রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে, শহীদ মিনারের পাদদেশে একটি সভা হয়েছে, তবে সভায় কেউ সভাপতিত্ব করেননি, কিন্তু জনব্যবহার্য স্থানে একটি সভা হয়েছে, যা বেআইনি এবং এমএলআর ৫৫ এ-র পরিপন্থী।

মুদ্রিত লিফলেট প্রসঙ্গে বলা যায়, এতে শহীদ দিবস উদযাপনের কর্মসূচি লিপিবদ্ধ ছিল। তাদের কিছু অভিযোগ প্রশমনের দাবিদাওয়া এতে ছিল।

মো. আবদুল আলীম

পাবলিক প্রসিকিউটর, ঢাকা

২২ ফেব্রুয়ারি ১৯৬১

পাদটীকা :

এ এম এ কবীর হচ্ছেন পরবর্তীকালের পুলিশ ইন্সপেক্টর জেনারেল। তার জন্ম ২৫ নভেম্বর ১৯১১, মৃত্যু ১০ জানুয়ারি ১৯৯৬। তিনি ১৯৩২ সালের ভারতীয় পুলিশ সার্ভিসের বেঙ্গল ক্যাডারে যোগ দেন। ঘাটের দশকের মাঝামাঝি সময়ে পুলিশের মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান। ১৯৯১-এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত ছিলেন। ১৯৭৮ সালে তাদকে স্বাধীনতা পদক দেওয়া হয়।

প্রতিবেদনের ১৪ নম্বর অনুচ্ছেদে নেতৃত্বদানকারী ছাত্রদের মধ্যে মওদুদ আহমদ, তাহের উদ্দিন ঠাকুর এবং এ জেড এনায়েতুল্লাহ খান পরবর্তীকালে বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন।

লেখক : সরকারের সাবেক কর্মকর্তা ও কলামিস্ট

momen98765@gmail.com

ভয়েস/আআ/সূত্র: দেশ রূপান্তর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION