সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
ছেলের দশম জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুভেচ্ছা আর ভালোবাসায় জন্মদিন উদযাপনের পর এবার ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ছুটে গেলেন সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে। বিশেষ দিনটির আনন্দ আরও স্মরণীয় করে রাখতেই মা-ছেলের এই ভ্রমণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের একটি ছবিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মা ও ছেলেকে। অপুর পরনে ছিল গোলাপি রঙের কাজ করা সালোয়ার-কামিজ, চোখে রোদচশমা। অন্যদিকে জয় পরেছিল কালো টি-শার্ট ও প্যান্ট। তার চোখেও ছিল রোদচশমা, মুখে কালো মাস্ক।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন অপু বিশ্বাস। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।”
ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।”
২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়।
এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। সেখানেই শাকিব খানের সঙ্গে নিজের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি। বিষয়টি সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাবা-মায়ের তারকাখ্যাতির সুবাদে ছোটবেলা থেকেই আলোচনায় রয়েছে আব্রাম খান জয়।
ভয়েস/আআ