শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
মীর আহাম্মদ, ইনানী:
উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকার পর এবার গ্যাস উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঘটনাস্থলে লরি ও ক্রেনে করে বিভিন্ন ভারী যন্ত্রপাতি, পাইপ, কারিগরি সরঞ্জাম ও খননকাজে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ আনা হয়। যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানিয়েছেন, ইনানীতে নলকূপের গ্যাসে আগুন জ্বলার পর শুরু থেকে পর্যবেক্ষণ করে আসছি। ঘটনার পরপরই সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা, বিস্ফোরণ ও ভূমিধস সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি এড়াতে ১৪৪ ধারা জারির পর থেকে ফায়ার সার্ভিস ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।
পান্না আকতার জানান, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ, প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের প্রাথমিক প্রস্তুতি পর্যালোচনা করছেন।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, “দীর্ঘ পর্যবেক্ষণে দেখা গেছে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল রয়েছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর আগে তিনি জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর নিচে বড় ধরনের গ্যাসের স্তর থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ একই চাপ ও প্রবাহে গ্যাস নির্গমন হওয়ায় এটি কোনো ক্ষুদ্র গ্যাস পকেট নয়, বরং উল্লেখযোগ্য গ্যাসের মজুদের ইঙ্গিত হতে পারে। তবে প্রয়োজনীয় ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও পরীক্ষার পরই বাণিজ্যিক মজুদ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে।
বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি গ্যাসক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জলালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর, ভোলা নর্থসহ দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করছে।
সংশ্লিষ্টরা বলছেন, যদি ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ নিশ্চিত হয় এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হয়, তাহলে এটি হবে বাংলাদেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র। এমন একটি আবিষ্কার দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।
ভয়েস/আআ