EDITOR
- ১৪ মার্চ, ২০২১ /

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে মো: জুবাইয়ের (২১) নামে একজনকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
রোববার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে। সে সালমান শাহ গ্রুপের সদস্য।
এপিবিএন ও স্থানীয় সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। মূলত এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ বাণিজ্যে লিপ্ত। এলাকা ভিত্তিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দিবাগত মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবাইয়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো: জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ