রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
টেকনাফে নাফ নদীতে বিজিবি অভিযান চালিয়ে চার লক্ষ ইয়াবা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর রাতে নাফ নদীর লেদা খাল পয়েন্ট থেকে বিজিবি এই ইয়াবা উদ্ধার করে।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান,, ভোর রাতে বিজিবি ২ ব্যাটালিয়ন এর অধীনস্থ লেদা বিওপি’র টহলদল গোপন সংবাদ পায় ইয়াবা৷ পাচারের। বিজিবি সদস্যরা লেদা বেড়ীবাঁধের পিছনে গোপনে অবস্থান গ্রহণ করে। এসময় বিজিবি টহলদল ৫/৬ জন ইয়াবা কারবারিকে লেদা খাল পশ্চিম দিক দিয়ে ৪ টি ব্যাগ কাঁধে করে নাফ নদীর কিনারা হয়ে লবন মাঠের দিকে আসতে দেখে। বিজিবি টহলদল ইয়াবা কারবারিদের দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি দেখে বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে লেদা খালের আঁড় ব্যবহার করে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত স্থানে তল্লাশী চালিিয়ে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ৪টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে চার লক্ষ ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান, ইয়াবা কারবারীদের আটকের নিমিত্তে উক্ত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী ও তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
ভয়েস/আআ