বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
এম এ সাত্তার :
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে হট লাইন নাম্বার চালু করা হয়েছে। এই হট লাইন নাম্বার চালুর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে পর্যটকদের সার্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে জনজসচেতনতামূলক প্রচার চালায় ‘টিম কক্সবাজার’।
গতকাল বিকাল ৪ টায় জেলা প্রশাসনের হটলাইন নাম্বার কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহেদ খান।
উদ্বোধন শেষে তিনি বলেন, পর্যটকদের সাথে যে কোন ধরনের অশোভন ও অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষনাৎ উক্ত হটলাইন নাম্বারে যোগাযোগ করে অভিযোগ জানালে জেলা প্রশাসন উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ম্যাজিস্ট্রেট ইমরান জাহেদ খান বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি, কক্সবাজার। পর্যটকরা যেন কোন ধরণের হয়রানির স্বীকার না হয়, সে ব্যাপারে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। বীচের সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের লোকজনের ডিজিটাল ডেটাবেজ প্রণয়ন কাজ চলছে। যাতে কোন ধরণের হয়রানি বা অপরাধের ক্ষেত্রে দ্রæত ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। যে কোন প্রয়োজনে পর্যটকরা জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির বুথে এসে বা হটলাইন নাম্বারে কল করে যোগাযোগ সহযোগিতা এবং সেবা নিতে পারবেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে সামাজিক সংগঠন টিম কক্সবাজার’র জনস্বার্থমূলক প্রচারণায় আনন্দিত হয়ে ধন্যবাদ জানান পর্যটন শেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক এইচ.এম নজরুল ইসলাম, টিম কক্সবাজার এর সংগঠক গাজী নাজমুন হক। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন টিম কক্সবাজার এর সংগঠন গাজী নাজমুল হক,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক নজরুল ইসলাম, টুয়াক প্রতিষ্ঠাতা এসএম কিবরিয়া খান,টিম কক্সবাজার এর সংগঠক মহিন উদ্দিন মাহিন, যুবরাজ শিপলু ও মিছবাহ মাহমুদ মিশকাত,সামাজিক সংগঠন গ্রীন ভয়েস এর সমন্বয়ক পারভেজ, ইয়ুথ নেট এর কক্সবাজারের সমন্বয়ক শান্তনু নূরসহ অন্যান্যরা।
হট লাইন নাম্বার সমূহ:
লাবণী পয়েন্ট: ০১৮৯৩-৩৯৮৯৮৮/০১৮৯৩-৩৯৮৯৮৯ সুগন্ধা পয়েন্ট: ০১৮৯৩-৩৯৮৯৯০/ ০১৮৯৩-৩৯৮৯৯১ কলাতলি পয়েন্টে: ০১৮৯৩-৩৯৮৯৯২/০১৮৯৩-৩৯৮৯৯৩।
ভয়েস/জেইউ।