বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আজ বিকেলে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্যে সাধারণ মানুষের মাঝে গ্যাস সিলিন্ডার বিতরণে কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদ করেন নারী ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী।
তিনি বলেন, যাতায়াত সমস্যার কারণে ইতোপূর্বে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসাধারণের মাঝে গ্যাস সিলিন্ডার বিতরণ হচ্ছিল। কিন্তু হলদিয়া ইউপি চেয়ারম্যান শাহ্ আলম অন্যত্র কেন্দ্র সরিয়ে নেওয়ার কারণে জনগণ যাতায়াত সমস্যায় পড়েছে। ৭৫০ টাকার গ্যাস সিলিন্ডার আনতে অনেকের ৫০০ টাকা পর্যন্ত যাতায়াত খরচ বহন করতে হচ্ছে। এছাড়া তিনি ভিজিডি,ভিজিপি, এনজিও-নন এনজিও’র বিষয়ে চেয়ারম্যানের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরেন। বক্তব্য শেষে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী সভাস্থল ছেড়ে ইউএনও অফিসের বাইরে এলে চেয়ারম্যান তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কৈফিয়ত চান। এসময় চেয়ারম্যান শাহ্ আলম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে হিজাবে টান মারেন এবং শারীরিকভাবে লাঞ্চিত করেন।
এঘটনার প্রতিবাদে উপজেলার মরিচ্যা বাজার চত্ত্বরে স্থানীয় জনগণ তাৎক্ষণিক সমাবেশ ও মানববন্ধন করে। সমাবেশে নারী ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী তার উপর চেয়ারম্যানের অসদাচরণ ও শালিনতাহানির বর্ণনা দেন।
এদিকে নিজের কৃতকর্মের পর উল্টো বেআইনী জনতা গঠন করে মরিচ্যা বাজারে সড়ক অবরোধ করে চেয়ারম্যানের লালিত কিছু উশৃঙ্খল মানুষ। এসময় প্রায় ৩ ঘন্টা কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানুষ চরম দূর্ভোগের শিকার হয়।
ভয়েস/আআ