রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর দিনে মালয়েশিয়া ক্রিকেট দলকে গুঁড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব-২৩ দল। তিন ওয়ানডের সিরিজে শেষটিতে ২৩৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই হারের সঙ্গে ধবধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতাও হলো মালয়েশিয়ানদের।
আদিল বিন সিদ্দিকের অসাধারণ সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৬৯ রানের পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ। রাফিউজ্জামান রাফি-শেখ পারভেজ জীবনের ঘূর্ণি জাদুতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও চরম ব্যর্থ হয় মালয়েশিয়া। ৩৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩২ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্যাটিংয়ে ইনিংসের প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। সেই ধস আর সামাল দিতে পারেননি অতিথিরা। ওপেনার উল্লাহ মালিককে প্রথম বলে ফিরিয়ে ধসের শুরুটা করেন বাংলাদেশের পেসার রাহিন আহমেদ।
সর্বোচ্চ ২০ রান এসেছে অধিনায়ক সায়েদ আজিজের ব্যাট থেকে। দুর্দান্ত ঘূর্ণিতে রাফি ও জীবন তিনটি করে এবং রাহিন নিয়েছেন দুটি উইকেট।
তার আগে টস জিতে আদিল বিন সিদ্দিকের ১১১ বলে ১৩৫ রানের ইনিংসে বড় স্কোর গড়ে বাংলাদেশ। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় ঝড়ো ইনিংস খেলেন। ৮.৩ ওভারে এ জুটি তোলেন ৮২ রান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জাওয়াদ ৩২ বলে করেন ঝোড়ো ৫৩ রান। ইনিংসে ছিল পাঁচটি করে ছক্কা ও চার। খালিদ হাসানের ব্যাট থেকে আসে ৭৩ রান।
ভয়েস/আআ