বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
ছোট পর্দার নতুন প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তিনি। ব্যস্ত আছেন নাটকে অভিনয় নিয়ে। তার সঙ্গে কথা বলেছেন।
ব্যস্ততা…
নাটক নিয়েই ব্যস্ততা যাচ্ছে। ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে বেশ কিছু ভালো ডিরেক্টরের গল্পে কাজ করছি। দর্শক শিগগিরই সেগুলো দেখতে পাবেন। ইমরানের নতুন দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। আসছে ২৩ নভেম্বর প্রকাশ হবে ইমরানের গানের ভিডিও ‘এতো ভালোবাসা’। সম্প্রতি কাজ করেছি মোস্তফা কামাল রাজের ‘ট্রু স্টোরি (ফারহান)’, মাবরুর রশীদ বান্নাহর ‘ক্যাটস ফাইট (জোভান)’ ও শহীদুন্নবীর ‘মুড সুইং (শামীম হাসান)’ নাটকগুলোতে। এছাড়া বিজ্ঞাপন ও ফটোশ্যুট করছি জনপ্রিয় কিছু ব্র্যান্ডের।
সাড়া জাগানো নাটক…
অভিনয়ে এসেছি বেশিদিন হয়নি। এরমধ্যে দেশের নামকরা নির্মাতা ও নায়কদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। গত দুই ঈদে জোভানের সঙ্গে মোস্তফা কামাল রাজের ‘অবুঝ মন’ ও ফারহানের সঙ্গে মাহমুদ মহিমের ‘বিয়ের সাইড ইফেক্ট’ নাটক দুটি দর্শক পছন্দ করেছে।
মোশাররফ করিম…
মোশাররফ করিমের সঙ্গে বেশকিছু নাটকে আমার জুটি দর্শক খুব পছন্দ করেছে। সর্বশেষ তার সঙ্গে ‘মায়ার জালে’ নাটকটি জনপ্রিয়তা পেয়েছে। আগামীতেও তার সঙ্গে কাজ করতে চাই। তিনি অনেক ভালো অভিনেতা। যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে অভিনয় শিখে আসিনি, তাই তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নতুনদের প্রতি তিনি প্রচ- রকমের সহযোগিতাপরায়ণ। তিনি চান নাটকের প্রতিটি চরিত্র যেন চরিত্র অনুযায়ী অভিনয় করে। এজন্য তার পক্ষ থেকে যতটুকু সাহায্য করা দরকার তিনি তা করেন।
সিনেমায়…
ক্যারিয়ারের শুরুর দিকে আনিসুর রহমান মিলনের সঙ্গে ‘ইন্দুবালা’ সিনেমাটি করেছি। এখন আরও সিনেমার বেশ কিছু প্রস্তাব পাচ্ছি। পছন্দের স্ক্রিপ্ট পেলে অবশ্যই সিনেমা করব। সেটা শালীনতার মধ্যে থাকতে হবে। যেন দর্শক তাদের পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করতে পারে। ভালো কাজ হলে পারিশ্রমিকের দিকে তাকাব না।
অভিনয়ের বাইরে…
অভিনয়ের বাইরে ব্যবসা শুরু করব। অবশ্য সেটা কী ধরনের ব্যবসা হবে তা এখনো ঠিক করিনি। আমি যেহেতু আইন বিষয়ে পড়ছি তাই এ নিয়ে কাজ করব। আমি খুব আত্মনির্ভরশীল মানুষ। নিজের পছন্দের কাজটা শত পরিশ্রম হলেও করতে চাই।
নতুন বছরে প্রত্যাশা…
এ বছরটা কাজের জায়গায় অনেক বেশি ক্ষতি করেছে। বুঝেশুনে কাজ করতে হয়েছে। করোনাভাইরাসের কারণে নিজের সুরক্ষার ব্যাপারটাও মেনে চলেছি। আগামী বছরটা কেমন কাটবে এখনো অনিশ্চিত। আমি চাই নতুন বছরে কাজের জায়গায় যেন কোনো সমস্যা না থাকে। আগামীতে যাতে অভিনয়টা আরও ভালোভাবে করতে পারি তাই অবসরে অভিনয়ের দুর্বল দিকগুলো কাটিয়ে ওঠার চর্চা করেছি। প্রত্যাশা করি নতুন বছরটা সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি।
ভয়েস/আআ