মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
‘লেভেল’ নয়, বরং ‘কোয়ালিটি’কেই গুরুত্ব দিতে চান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। নিজেদের মান নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন মন্তব্যই করেছেন তিনি। তবে, পোস্টে কারো নাম উল্লেখ না করলেও তার এই বক্তব্যকে অপু বিশ্বাসের সঙ্গে চলমান বাক্যুদ্ধের পাল্টা জবাব হিসেবেই দেখছেন নেটিজেনরা।
সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, “লেভেল!! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০ তে ১০০ বস। কোয়াটিলি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।”
গত কয়েক দিন ধরেই অপু বিশ্বাস ও পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মূলত, কারো নাম উল্লেখ না করে পরীমণি অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ করেন। এরপর বিষয়টি নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি অপু। তবে, গত রবিবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
এ সময় এক সাংবাদিক পরীমণির স্ট্যাটাসের প্রসঙ্গ তুলে অপু বিশ্বাসের বক্তব্য জানতে চান। জবাবে তিনি বলেন, “যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, তারা আমাকে বেচতে চান।”
পাশাপাশি কে তাকে উদ্দেশ করে স্ট্যাটাস দিয়েছেন, তা সঠিকভাবে জানেন না বলেও জানান অপু। তার ভাষায়, “যে মানুষটি আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, আই ডোন্ট নো, ওরা আমাকে বলেছে। আমি এখনো বলছি, বারবার বলব। আমি ওইভাবে ফেসবুক ব্যবহার করি না। আমার কিছু পারিবারিক বন্ধু আছে, তাদের কিছু পোস্ট আমার সামনে আসে, সেসবে মন্তব্য করে থাকি!”
এরপর ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, “যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ, ৫টি আন্ডার প্রোডাকশন। সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে, দ্যাটস ইট। আর কোনো কথা বলতে চাই না।”
নায়িকাদের কাজ নেই—এমন প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। এ বিষয়ে ‘কোটি টাকার কাবিন’খ্যাত এই অভিনেত্রী বলেন, “অপু বিশ্বাস বাংলাদেশে কাজ করেছেন কি না, তার প্রমাণ আপনারা। আশা করব, আপনারা আমার হয়ে দুই-একটা ভিডিও দেবেন।”
নিজের জীবনের পরিবর্তন ও বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন অপু। তিনি বলেন, “আমি এখন সন্তানের মা। পাশাপাশি ব্যবসা করছি। অবশ্যই, আরো ভালো ব্যবসা করার চেষ্টা করছি। ইনশাল্লাহ করব। একটা মানুষ একটা সেক্টরে সারা জীবন থাকে না। যেমন: শাহরুখ খান, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা চোপড়া নেই। এ ক্ষেত্রে বড় বড় দেশকে অনুসরণ করতে হবে। একটা জায়গায় বসে থাকলে হবে না। যারা এমন বড় বড় কথা বলেন, তাদেরকে এটা অনুসরণ করতে হবে।”
এর আগে কয়েক দিন আগে প্রকাশিত এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেছিলেন, “লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।” তার এই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর পরই সরব হন পরীমণি।
অপু বিশ্বাসকে উদ্দেশ করে পরীমণি লেখেন, “ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে—একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।”
একই পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। পরীমণির ভাষায়, “সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।”
সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার ‘লেভেল’ ও ‘কোয়ালিটি’ প্রসঙ্গে নতুন পোস্ট দিলেন পরীমণি। যদিও সেখানে সরাসরি কারও নাম নেননি তিনি। তবে, অপু বিশ্বাসের সঙ্গে সাম্প্রতিক বাদানুবাদের পর তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভয়েস/আআ