বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
শ্রীদেবী-অনিল কাপুর অভিনীত এবং শেখর কাপুর পরিচালিত ‘মিস্টার ইন্ডিয়া’ মুক্তি পায় ১৯৮৭ সালে। কিছুদিন আগে একই নামে ট্রিলজি তৈরির ইচ্ছা জানান বলিউডের এ সময়ের জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর।
মহামারির কারণে পিছিয়ে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন কিছু উপহার দিতে চান শিগগিরই। তাই কাজের মধ্যেই রয়েছেন পরিচালক। এর আগেও ‘মিস্টার ইন্ডিয়া’ করার কথা বলেছিলেন আলী।
অবশ্য এ ট্রিলজির সঙ্গে শেখর কাপুরের ছবিটির কোনো সম্পর্ক নেই। আলী আব্বাস জাফরের দাবি, এটি একেবারেই নতুন ছবি হতে চলেছে এবং এর মান হবে আন্তর্জাতিক স্তরের।
তবে আগের ছবির জনপ্রিয় চরিত্রগুলো না থাকার কোনো নিশ্চিত বার্তা দেননি আলি। সে ক্ষেত্রে, শ্রীদেবীর চরিত্রে জাহ্নবী কাপুর থাকবেন কি-না, তা নিয়ে নতুন জল্পনাও উস্কে দিয়েছেন পরিচালক।‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শ্রীদেবী একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলী বলেন, “এটি বনি কাপুর ও জি-এর যৌথ উদ্যোগে তৈরি হবে। ভারত ও বিদেশে শুটিং হবে। ছবির একটা বড় অংশ হবে স্পেশ্যাল এফেক্টসের মাধ্যমে। তবে এই ছবির সঙ্গে অনিল কাপুরের ‘মিস্টার ইন্ডিয়া’র কোনো যোগ নেই। এটা একেবারে নতুন একটা সায়েন্স ফিকশন ছবি হতে চলেছে। বিগ বাজেট এবং বড় প্রযোজনা নিয়ে। অ্যাভেঞ্জার্সের মতো চরিত্র তৈরি করতে চাই আমরা। এই মিস্টার ইন্ডিয়া হবে আন্তর্জাতিক মানের।”
বনি কাপুরের প্রযোজিত ছবিতে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর বা বনির প্রথম পক্ষের ছেলে অর্জুন কাপুর কি অভিনয় করবেন? প্রশ্নের উত্তরে আলীর দাবি, “শ্রীদেবীর চরিত্রে জাহ্নবী অভিনয় করলে বনি কাপুর খুবই খুশি হবেন। যদিও ছবির কাস্টিং এখনও ঠিক হয়নি।”
গত বছরই সোশ্যাল মিডিয়ায় ‘মিস্টার ইন্ডিয়া’ ট্রিলজি নিয়ে বিবৃতি দেন আলী আব্বাস জাফর। সেই সময় ছবির সত্ত্ব নিয়ে আপত্তি তুলেছিলেন পরিচালক শেখর কাপুর। তিনি বলেন, “মিস্টার ইন্ডিয়া টু’ নিয়ে কেউ আমাকে কিছু জানায়নি। বড় উইকেন্ডের জন্য ছবির নাম ব্যবহার করা হচ্ছে। গল্প বা চরিত্র অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারেন না।”
অনেক দিন ধরে শোনা যাচ্ছে, বন্ধু ক্যাটরিনা কাইফকে নিয়ে সুপারহিরো সিনেমা বানাচ্ছেন এ নির্মাতা। সেই ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ কি-না এমন প্রশ্নও থেকে যায়!
ভয়েস/আআ