মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
৭৪তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ আঁ সার্তে রিগায় মনোনয়ন পায় জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’- ছবিটি। এটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটি নির্মাণ করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। অবশেষে কানের পথে উড়াল দিলেন তিনি। শুক্রবার ভোরের ফ্লাইটে প্যারিসের উদ্দেশে অভিনেত্রী-নির্মাতাসহ ছবির একটি টিম ঢাকা ছাড়েন।
আগামী ১৮ই জুলাই ফের দেশে ফিরবেন। করোনা মহামারির কারণে ফ্রান্সের ভিসা হয় কি না, তা নিয়ে অভিনেত্রী-নির্মাতার ছিল সংশয়। অনিশ্চয়তা ও উৎকণ্ঠা ছিল, আদৌ কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া যাবে কি না।
দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ হলো। বাঁধন বলেন, বৃহস্পতিবার বিকালে আমরা ভিসা হাতে পেয়েছি। যেটি পাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত ছিলাম না- যাওয়া হবে কি হবে না। আমাদের চলচ্চিত্রের এমন একটি অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটা জীবনের কত বড় অর্জন, সত্যি বলতে আমার মতো মানুষের বোঝানোর ক্ষমতা নেই। আগামী ৬ই জুলাই শুরু হচ্ছে কান উৎসব। কিন্তু বাঁধন কেন আগে উড়াল দিলেন? তিনি বলেন, প্যারিসে পৌঁছানোর পর ১০ দিন আমাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। যার কারণে আগে যাওয়া। অভিনেত্রীর এই ছবিটি শুরু থেকে বেশ আলোচনায়। এই ছবিটির জন্য বাঁধনকে বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছে বলেও জানান। তার ভাষ্য, চ্যালেঞ্জ নিয়ে আমি এই কাজটি করেছি। যে সময় সবার একটাই কথা ছিল আমি হারিয়ে যাচ্ছি। আমার ক্যারিয়ার শেষ। ঠিক সেই সময়ে আমি এই কাজ শুরু করি। এই ছবির জন্য দেড় বছর আমি অন্য কোনো কাজ করিনি। এই ছবির কাজের দেড় বছর আমার জন্য মূল্যবান সময় ছিল। এখানে কাজ করতে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছি। আমার ভালো কাজের ক্ষুধা থেকেই এই কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলাম। কাছের মানুষদের কাছ থেকেও এই ছবি নিয়ে নানা কথা শুনতে হয়েছে। কেন এত লুকোচুরি এই সিনেমার বিষয়ে। এমন কথা শুনে শুনেই আজকের এখানে এসেছি।
ভয়েস/জেইউ।