মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। এক সময় টিভি পর্দায় নিয়মিত ছিলেন। তবে এখন আর আগের মতো তাকে দেখা যায় না। এদিকে মহামারি করোনার শুরু থেকে শুটিং থেকে দূরে আছেন। মাঝে অভিনেত্রী কয়েক মাস দেশের বাইরে ছিলেন। দেশে ফিরেছেন প্রায় দেড় মাস। তবে এখনো নতুন কোনো কাজের পরিকল্পনা করেননি বলে জানান। তার ভাষ্য, সরকারি বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন।
এই সময়ে খুব জরুরি না হলে বাসার বাইরে বের হতে চাই না। এ ছাড়া আমি গেল কয়েক বছর কাজ কম করছি। এই মহামারিতে তাই কোনো কাজ করা হচ্ছে না। সর্বশেষ ক্যামেরার সামনে কবে দাঁড়ালেন? অভিনেত্রী বলেন, সর্বশেষ ‘ঘর গেরস্থি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। এটির কাজ শেষ হয়েছে গেল বছরের লকডাউনের আগে। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন একটি পরিবারের চিত্র এতে উঠে এসেছে। যারা যুদ্ধের সময় এলাকা থেকে চলে যায়। যুদ্ধ শেষে আবার ফিরে আসে। এই যে চলে যাওয়া ও ফিরে আসা- এটি উঠে আসবে চলচ্চিত্রটিতে। বন্যা ছাড়াও এতে আরও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। বন্যার সবকিছু একদিকে আর মঞ্চ নাটক অন্যদিকে। শুরু থেকেই মঞ্চে নিয়মিত কাজ করছেন তিনি। লকডাউনে সবকিছুর মতো এতেও কোনো কাজ হচ্ছে না জানান তিনি।
ভয়েস/জেইউ।