মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
মহেশখালীতে একটি ভাঙারির দোকান থেকে ২০২২ সালের দুই হাজার সরকারি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ জানুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজারের নেতৃত্বে যৌথ অভিযান এ বইগুলো জব্দ করা হয়।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি আবদুল হাই জানান, বড় মহেশখালী ফকিরাঘোনার মোহাম্মদ ছিদ্দিকের মালিকানাধীন একটি ভাঙারির দোকানে রুবেল নামের এক ব্যক্তি চলতি ২০২২ সালের প্রায় ২ হাজার পাঠ্যবই বিক্রির জন্য নিয়ে আসেন। নতুন বই দেখে দোকান মালিকের ওই বিক্রেতার প্রতি সন্দেহ হয়। এরপর তিনি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ বরাবর জানায়। পরে কয়েকজন গ্রাম পুলিশ সদস্য ওই দোকানে গিয়ে বইগুলো তাদের জিম্মায় নেন।
“গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ সোলাইমানসহ অন্যরা দুই হাজার কপির মতো নতুন বই তাদের হেফাজতে রাখেন।এরপর পুলিশকে খবর দেন। পরে সকালে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করে পুলিশ ।”
দোকান মালিক মোহাম্মদ ছিদ্দিক জানান, কুলালপাড়ার মো. মনজুরের পুত্র মোহাম্মদ রুবেল রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিক্রির জন্য বইগুলো নিয়ে আসেন।বইগুলো দোকানে রেখে একপর্যায়ে সে সরে যায়। সন্দেহ হলে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের বিষয়টি অবগত করেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, সরকারি বই বিক্রি করে দেয়া খুবই দুঃখজনক কাজ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মহেশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফজলুল করিম জানান, ঘটনাটি শোনার সাথে সাথে বইয়ের গুদামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিই। কোথাও থেকে বই চুরি হয়নি। তবে যে ব্যক্তি বিক্রির জন্য নিয়ে গেছে তাকে বের করে ঘটনার সত্যতা উদঘাটন করতে হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
ভয়েস/আআ