EDITOR
- ২ মার্চ, ২০২২ /

আমিনুল হক, মহেশখালী:
সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী পূজা উপলক্ষে মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা শুরু হয়েছে। গতকাল ১ লা মার্চ থেকে এ মেলা শুরু হয়ে চলবে ১০ দিন ব্যাপী। তবে গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটে শুরু হয়েছে শিব চতুর্দশী পূজা ও দর্শন। এ পুজা ও শিবের দর্শন অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক আদিনাথ মন্দিরে।
পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় পূজার্থী ও দর্শনার্থীরা সুশৃঙ্খল ভাবে পূজা ও শিবের দর্শন দিতে পারছেন বলে জানিয়েছেন নোয়াখালী থেকে আসা ৭০ বছরের এক বৃদ্ধা অঞ্জনা। মন্দিরে পুরুষ ও নারী পূজার্থী এবং দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের জন্য আলাদা আলাদা ভাবে ব্যবস্থা নেওয়ায় কোন সমস্যা হচ্ছেনা বলে জানিয়েছেন চট্টগ্রাম রাউজান থেকে আসা বাবলা নামের এক পূজার্থী। এদিকে মহেশখালী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী জানিয়েছেন, মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও শিব চতুর্দশী পূজাতে আগত পূজার্থী ও দর্শনার্থীরা যেন সুশৃঙ্খল পরিবেশে সুষ্ঠু ভাবে পূজা ও শিবের দর্শন দিতে পারে সেই ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শান্তি লাল নন্দী ঐতিহাসিক আদিনাথ মেলা উদযাপন কমিটির সহ-সভাপতিও। তিনি আরো জানান, ১ লা মার্চ থেকে আদিনাথ মন্দির পাদদেশে শুরু হয়েছে ঐতিহাসিক আদিনাথ মেলা। ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদিনাথ মেলা উদযাপনের জন্য ১০ দিনের অনুমতি প্রদান করা হয়েছে।
এদিকে গতকাল দুপুরে এ শিব চতুর্দশী পূজ ও মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা পরিদর্শন করেন সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিপক রঞ্জন অধিকার, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম) ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সেতু বন্ধু রিয়ান সিকদার।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী আদিনাথ মেলা উদযাপন কমিটির সহ-সভাপতি মাষ্টার ব্রজ গোপাল ঘোষ ও শান্তি লাল নন্দী, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মেলার প্রধান সমন্বয়কারী পৌর কাউন্সিলর প্রনব কুমার দে, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার তপন কান্তি দে, আদিনাথ মন্দিরের হিসাব রক্ষণ কর্মকর্তা লক্ষী চরণ দে, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অধির চন্দ্র দে, ও হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ নিখিল পাল। এছাড়াও মেলা ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ মেলায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজন পূজা ও শিবের দর্শন দিতে এসেছেন। আদিনাথ মন্দির পাদদেশে বসা মেলায় ৩ শতাধিক দোকানপাট বসেছে। আগামীকাল পূজা শেষ হলেও দর্শন চলবে এমনটি জানিয়েছেন মন্দিরে পুরোহিত রাহুল। তবে আদিনাথ মেলা জমে উঠবে আগামীকাল থেকে। এ মেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনী রয়েছে কঠোর নজর দারীতে।
ভয়েস/ জেইউ।