বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আর্জেন্টিনার লক্ষ্য আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া: আলভারেজ

খেলাধুলা ডেস্ক:

দুয়ারে বিশ্বকাপ। তার আগেই আর্জেন্টিনা শিবিরে আলোচনার কেন্দ্রে লাউতারো মার্টিনেজের সঙ্গে হুলিয়ান আলভারেজের প্রতিদ্বন্দ্বিতা, দলীয় লক্ষ্য আর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে। সব মিলিয়ে নিজের অবস্থান ও ভাবনা স্পষ্ট করেছেন আলভারেজ। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের কথায় উঠে এসেছে নানা দিক।

ফিফা: লাউতারো মার্টিনেজের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা কেমন লাগে?

আলভারেজ: আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু একই সঙ্গে আমরা মাঠে একসঙ্গেও খেলি, যা আমার জন্য আনন্দের। যখনই আমরা একসঙ্গে মাঠে নেমেছি, ভালো করেছি। আর যখন আমাদের একজনের ডাক আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবাই দলের স্বার্থটাকেই প্রাধান্য দেই। এই অভ্যন্তরীণ প্রতিযোগিতা আমাদের দুজনকেই প্রতিদিন উন্নতি করতে ও আরও ভালো হতে সাহায্য করে। সবসময়ই এমনই থাকে। যখন শক্তিশালী ও সুস্থ প্রতিযোগিতা থাকে, সবাই আরও ভালো হয়ে ওঠে—এটাই মূল বিষয়।

ফিফা: বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য কী?

আলভারেজ: একজন আর্জেন্টাইন হিসেবে উত্তেজনা সবসময়ই থাকে এবং আমরা সবসময়ই চ্যাম্পিয়ন হতে চাই। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা ফাইনালে পৌঁছাতে চাই। আমরা জানি এটা সহজ হবে না; এতে অনেক পরিশ্রম লাগবে এবং ম্যাচগুলো খুব সূক্ষ্ম ব্যবধানে নিষ্পত্তি হতে পারে। তবে আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নেবো এবং ধাপে ধাপে অগ্রসর হবো।

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে অংশ নেওয়া সত্যিই অসাধারণ। আমি ভীষণ গর্বিত। অবশ্যই আমরা ট্রফি ধরে রাখতে চাই এবং আবারও আমাদের জনগণকে আনন্দে ভাসাতে চাই।

ফিফা: কাতার বিশ্বকাপের কোন স্মৃতিটি সবচেয়ে বেশি মনে আছে?
আলভারেজ: আমি মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিকেই বেছে নেবো। আমার মনে হয় সেটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ তার পর যা কিছু ঘটেছিল এবং আগের পরিস্থিতির কথা বিবেচনা করলে সেটাই ছিল টার্নিং পয়েন্ট। সেখান থেকেই আমরা বুঝতে পারি আমাদের ভাগ্য নিজেদের হাতে।

ফিফা: বিশ্বকাপ ধরে রাখলে কি এই আর্জেন্টিনা সর্বকালের সেরা জাতীয় দল হবে?
আলভারেজ: যদি আমরা বিশ্বকাপ ধরে রাখতে পারি, তাহলে এটি ইতিহাসে জায়গা করে নেবে, কারণ আমরা টানা বিশ্বচ্যাম্পিয়ন হবো এবং যার সঙ্গে দুইবার কোপা আমেরিকাও জিতেছি। গত কয়েক বছর আমাদের দেশের জন্য এক স্বর্ণযুগ। আমরা আশা করি এই অসাধারণ মুহূর্তগুলো আরও উপভোগ করতে পারবো, যা আমাদের সবাইকে খুব আনন্দ দেয়।

ফিফা: লিওনেল মেসির জন্য এটা শেষ বিশ্বকাপ হতে পারে। একজন সতীর্থ হিসেবে তার প্রভাব সম্পর্কে কী বলবেন?

আলভারেজ: আমরা সবাই জানি, বয়স বিবেচনায় এটি সম্ভবত লিওর শেষ বিশ্বকাপ হতে পারে, তবে শেষ সিদ্ধান্ত তারই। এটি অবশ্যই একটি বিশেষ বিশ্বকাপ হবে। শুধু তার সতীর্থদের জন্য এবং আর্জেন্টাইন জনগণের জন্যই নয়, বরং যারা তাকে অনুসরণ করে তাদের সবার জন্যও। কারণ তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি বিশ্বজুড়ে বিশাল প্রভাব ফেলেছেন।

ফিফা: আপনি কি দলে প্রতিষ্ঠিত হওয়ার পর এখন মাঠে নামলে আরও বেশি দায়িত্ব অনুভব করেন?
আলভারেজ: এই জার্সি গায়ে দিলে আপনি এমন একটি দেশের প্রতিনিধিত্ব করেন, যেখানে মানুষ ফুটবলকে হৃদয় দিয়ে ভালোবাসে। তারা এ খেলাকে গভীরভাবে অনুভব করে। এই জার্সি পরা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করা আমাকে গর্বিত করে। এটি দায়িত্বও বটে, তবে আমরা সবাই তা ভালোবাসা ও আবেগ নিয়ে করি।

ফিফা: ২০২২ সালের পর আপনি একজন খেলোয়াড় হিসেবে কীভাবে বদলেছেন?

আলভারেজ: আমি বলবো না যে আমার খেলার ধরনে খুব বেশি পরিবর্তন এসেছে, তবে আমি নতুন কিছু শিখেছি এবং কিছু জায়গায় উন্নতি করেছি। গত কয়েক বছরে অনেক ম্যাচ খেলার কারণে আমার অভিজ্ঞতা বেড়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই জার্সি পরলে আপনি আলাদা এক প্রেরণা পান এবং সময়ের সঙ্গে আপনি আরও উন্নত হয়ে ওঠেন, এমনকি আপনি সেটা টের নাও পেতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION