মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
উখিয়া দেড় লাখ পিস ইয়াবা সহ মো: মিজান (২১) নামের এক রোহিঙ্গা ইয়াবাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট বাইল্যাখালী এলাকা থেকে এসব ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মোঃ মিজান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের বনি আমীনের ছেলে। সে দীর্ঘ দিন ধরে কৌশলে ইয়াবা পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।
তার দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি টিম জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালি ব্রিজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাদের একটি চৌকশ আভিযানিক দল ওই স্থানে পৌঁছে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌঁড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ মিজান নামের রোহিঙ্গাকে আটক করা হয়। পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তার স্বীকারোক্তি মতে পাচারকারির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত মোঃ মিজানকে জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার অনুমান মূল্য সাড়ে সাত কোটি টাকা।
আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
ভয়েস/আআ