মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান।
বুধবার জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার।প্রধানমন্ত্রী টেকসই অভীষ্ট্য অর্জনে নারীদের উন্নয়ন,জেন্ডার সমতা,ক্ষমতায়ন, শিক্ষাসহ সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন চায় না সরকার।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের।
সভায় অন্যান্যের মধ্যে জয়িতাগণ তাদের জীবনের সাফল্য তুলে ধরেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,জয়িতা,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জয়িতাদের অন্বেষণে বাংলাদেশ শীর্ষক “জয়িতা” কার্যক্রমের আওতায় সমাজে নারী উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় জেলা পর্যায়ে ৫জন এবং উপজেলা পরযায়ে ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ভয়েস/আআ