কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগরে অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার(২৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মাহমুদ।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মাহমুদ বলেন, বুধবার ভোরে টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগরে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা মাছ ধরার একটি ট্রলার অবস্থান করছে খবরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও সেন্টমার্টিন স্টেশনের একটি যৌথ দল অভিযান চালায়। এসময় সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে পাচারকারিরা ট্রলারটির ইঞ্জিনের গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে ট্রলারটি সেন্টমার্টিনের গলাচিপা ঘাট সংলগ্ন এলাকার বালুচরে রেখে পাচারকারিরা পালিয়ে যায়।
” ট্রলারটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পলিথিন মোড়ানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে পাওয়া যায় ২ লাখ ৭০ হাজার ইয়াবা। “
উদ্ধার করা ইয়াবাগুলো ট্রলারসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মাহমুদ।