EDITOR
- ১ জানুয়ারী, ২০২১ /

ছোটন কান্তি নাথ:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ডাম্পারের (পিকআপ) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডাম্পার চালক ও হাসপাতালে নেওয়ার পর একই গাড়ির শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ারপথে মমতাজ আহমদ নামের আরও একজন মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ার শফিউল আব্বাসের পুত্র ডাম্পার চালক মোহাম্মদ মানিক (২৬) ও শ্রমিক মো. তারেকুল ইসলাম বাবু (২২)। সে মুরারপাড়ার শাহাব উদ্দিনের পুত্র। পরে নিহত মমতাজ আহমদ পেকুয়ার দক্ষিণ মেহেরনামা বলিরপাড়া আশ্রয়ন প্রকল্পের আবু বক্করের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখি সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকামেট্টো-ব-১৪-২০৭৫) ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পার (চট্টমেট্টো-অ-১১৬) গাড়িটি মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কের উভয়দিকে প্রায় আধঘন্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় পতিত ডাম্পার গাড়িটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এসময় আহতরা হলেন, সৌদিয়া বাস যাত্রী বান্দরবানের লামা উপজেলার জয়ন্তু বড়ুয়ার কন্যা নিশীথা বড়ুয়া (১৮), স্বপন বড়ুয়ার পুত্র অতুল বড়ুয়া (২২), মৃত দুদু মিয়ার স্ত্রী সফুরা খাতুন (৭০) ও অংহা মং এর পুত্র হাচিং মং (২৪)।
চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিছুর রহমান জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দুইজন মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন যাত্রী। তাদেরকে দ্রুতসময়ে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।
ভয়েস/আআ