EDITOR
- ৬ ফেব্রুয়ারী, ২০২১ /

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় জেলা শ্রমিকলীগের সহসভাপতি ও জনতা ব্যাংকের সাবেক সিবিএ নেতা আবদুল অদুদসহ একই পরিবারের ৭ জনকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইড়াপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে।
এ ঘঘটনায় শ্রমিকলীগ নেতা মৃত বাছা মিয়ার ছেলে আব্দুল অদুদ (৬৩) ছাড়াও তার ছেলে আছাদুল ইসলাম মনির (৩০), মোর্শেদ (৩৩) তার ভাই জমির উদ্দিন (৪০), মিজানুর রহমান (৪৮), স্ত্রী মেহেরুন্নেছা (৪০) ও আরমান।
আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় আছাদুল ইসলাম ও মেহেরুন্নেছাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এরশাদ, হানিফ, তৌহিদ, খোকন, ডলি, এ্যানি ও রুজিনা আক্তার জানায়, ৫ শতক জমি নিয়ে শ্রমিকলীগ নেতা ও ব্যাংকার আবদুল অদুদ ও তার ছোট ভাই জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ রয়েছে। জয়নাল আবেদীন শ্রমিক দিয়ে ধানের চারা রোপন করার চেষ্টা চালায়। পুলিশ এসে কাজ করতে বারণ করে চলে যায়। পুলিশ বিরোধীয় জমিতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে জয়নাল আবেদীন, ছেলে আরাফাত, সাজ্জাদ, মো.হোসেনের ছেলে আজমগীর, আলমগীর, জাহাঙ্গীরসহ কয়েকজন লোক ধারালো কিরিচ নিয়ে অদুদের বাড়িতে হানা দেয়। এসময় নারীসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
আবদুল অদুদ বলেন, জমি আমার। ছোট ভাই জয়নাল অস্ত্রসহ জোর করে দখল নেয়ার চেষ্টা করে। বাঁধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানায়, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্ধ আছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ