রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাক চাপা পড়ে গুরুতর আহত কক্সবাজার জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ ওসমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরআগে রাতে বেড়াতে আসা পর্যটক সহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ জন।
শনিবার (৬ মার্চ) রাত ১১টার দিকে সিমেন্ট বোঝায় ট্রাক পথচারীর উপর চাপা দিলে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের মেধাবি ছাত্র এডভোকেট মোহাম্মদ ওসমান, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও কক্সবাজারে বেড়াতে আসা ঢাকা উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। এসময় আহত হয়েছে অন্তত ১২ জন। এডভোকেট ওসমান চট্টগ্রাম থেকে কর্মস্থলে কক্সবাজার শহরে এসে গাড়ি থেকে নেমে স্ত্রী পুত্র সহ বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠতে যাচ্ছিলেন। অপর দিকে পর্যটক কক্সবাজারে বেড়ানো শেষে ঢাকায় চলে যাওয়ার জন্য বাস কাউন্টারে যাচ্ছিলেন।
কক্সবাজার শহর পুলিশ ফাড়ির এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার রাত ১১ টার দিকে কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক যার নাম্বার চট্টমেট্টো-ট-১১-৬৮২৮ কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা একটি ইজিবাইক ও পথচারীদের চাপা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহিলা পথচারী নিহত হয়। গভীর রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে পর্যটক শাহাদাতের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত এডভোকেট ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে মারা যান তিনি। এঘটনায় আহত হয়েছে অন্তত ১২ সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের যাত্রী ও পথচারী।
আহতরা হলেন, উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হক (১৭) সহ অন্তত ১২ জন।
খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে জানান-ঘটনাস্থলে এক নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের দুইজনকে গুরুতর অবস্থায় চমেকে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ