রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক,টেকনাফ :
টেকনাফে আইন শৃংখলা বাহিনীর সোর্স হিসাবে পরিচিত এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে চিহ্নিত দূর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হচ্ছে একই এলাকার আব্দুর রহিমের ছেলে ইমাম হোসেন(১৮)।
নিহতের বড় ভাই সাদ্দাম হোছন জানান, ইমাম হোসেন মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে স্থানীয় আবুল হোছনের ছেলে ডাকাত ও ইয়াবা কারবারী আব্দুল খালেক প্রকাশ ডাকাত খালেকের নেতৃত্বে ১০-১৫জনের একটি দল গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টেনে-হিছড়ে পাহাড়ের ভেতরে নিয়ে যায় । পূর্ব শত্রæতার জেরধরে চিহ্নিত দূবৃর্ত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় জাফরের ঝিরি নামক পাহাড়ী এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। দূর্বৃত্তদের আটকে অভিযান চলছে। নিহত যুবক একটি আইন শৃংখলা বাহিনীর সোর্স হিসাবে এলাকায় পরিচিত বলে জানান তিনি।
ভয়েস/আআ