শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার প্রেসক্লাব ভবন নির্মাণ প্রকল্পের জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছে কক্সবাজার পৌরসভা। অনুদানের চেক আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন পৌর মেয়র মুজিবুর রহমান। প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম অনুদানের চেক গ্রহন করেন।
চেক হস্তান্তরকালে পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, পৌরসভা জনকল্যাণমুখি একটি প্রতিষ্ঠান প্রেসক্লাবের মত প্রতিষ্ঠানকে ভবন নির্মাণের জন্য অনুদান দিতে পেরে একটা ভাল কাজের সাথে সম্পৃক্ত হলাম। এ ধরনের উন্নয়ন কর্মকান্ডের সাথে পৌরসভা সবসময় আছে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকরা বড় ভূমিকা রাখেন।
মেয়র বলেন, পৌরবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, কাজ করতে যে সময়টুকু লাগে তা দেওয়া উচিত। মানুষ যে কষ্ট পাচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা আগামী ৬ মাসের মধ্যে দৃশ্যমান উন্নয়ন আমরা কক্সবাজারবাসীকে দেবো। কক্সবাজারবাসী যেন আমাদের সহযোগীতা করে।
প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম পৌর কর্তৃপক্ষকে এ অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেসক্লাব সভাপতি আবু তাহের বলেন, পৌরসভার এ ধরনের উদ্যোগ জেলার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বলেন, আমরা আশা করি ভবিষ্যতেও কক্সবাজার পৌরসভা সবসময় এভাবে আমাদের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, কাউন্সিলর সালাহ উদ্দিন সেতু, প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, কক্সবাজার ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, সচিব রাসেল চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী।
ভয়েস/জেইউ।