বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে সাগরে এবার ২৭ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরা পড়েছে। শনিবার (২১ আগস্ট) ভোরে মাছটি ধরা পড়ে। এটি বিক্রির জন্য কক্সবাজারে নেওয়া হচ্ছে।এর আগে গত ১১ আগস্ট সেন্টমার্টিন দ্বীপে বড়শিতে প্রায় ৮০ কেজি ওজনের একটি ‘ভোল মাছ’ ধরা পড়ে, যা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।
জেলেরা জানান, তিন দিন আগে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দ শাহ আলমের মালিকানাধীন ট্রলার ‘এফভি জোমান’ নিয়ে হোসেন আহমদ মাঝির নেতৃত্বে নয় জেলে বঙ্গোপসাগরে যান। সাগরে জাল ফেলার দীর্ঘ সময় পর শনিবার ভোরে তুললে ২৭ কেজি ওজনের পোয়া মাছটি পাওয়া যায়। দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে বাজারে তোলা হলে লাখ টাকার বেশি দামে কিনতে চান ব্যবসায়ীরা। কিন্তু বিক্রির জন্য কক্সবাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।
ট্রলারের মাঝি হোসেন আহমদ জানান, সাগরে তিন দিন থেকেও তেমন একটা মাছ পাওয়া যায়নি। হঠাৎ শনিবার ভোরে জালে বিশাল কালো পোয়া মাছটি ধরা পড়ে। এরপর আমরা ট্রলারে নিয়ে ঘাটে ফিরে আসি। এটি বেশি দামে বিক্রি করা যাবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।
ভযেস/আআ