বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের সাবেক এসআই ও বর্তমানে ফেনীতে কর্মরত লাভলী ফেরদৌসীকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কক্সবাজারে কর্মরত অবস্থায় তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্যতা পাওয়ায় তদন্ত কমিটি তাকে বরখাস্ত করেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, এসআই লাভলী কক্সবাজারে কর্মরত থাকা অবস্থায় দ্বিতীয় স্বামী শাহাজাহানকে নিয়ে বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ, ক্ষমতার অপপ্রয়োগ, অর্থ আত্মসাৎসহ বিধিবহির্ভূত বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন। একারণে সম্প্রতি কক্সবাজার থেকে পিবিআই ফেনী জেলায় সংযুক্ত করা হয় এসআই লাভলী ফেরদৌসীকে। এঘটনায় এসআই লাভলীকে বদলির পাশাপাশি ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রায় এক সপ্তাহ কক্সবাজারে অবস্থান করে অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে এসআই লাভলী ফেরদৌসীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে পুলিশের শৃঙ্খলা আইনে শাস্তির সুপারিশ করা হয়। কমিটির সুপারিশে এসআই লাভলীকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
তদন্ত কমিটির দায়িত্ব পালন করা একজন কর্মকর্তা বলেন, ‘একজন দায়িত্বশীল অফিসার হয়ে স্বামীকে দিয়ে মামলা তদন্ত করার ঘটনায় পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্মিত এবং হতবাক। এটাই তাকে চরম বিপদে ফেলেছে। এসআই লাভলী ফেরদৌসীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অধিকাংশই সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মানুসারে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।’
উল্লেখ্য, এসআই লাভলী কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত থাকা অবস্থায় রামুর চেইন্দা এলাকার বেলাল আহমদের ছেলে সুদর্শন শাহাজাহানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরে তার স্বামী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুলকে সন্তানসহ ত্যাগ করে প্রেমিক শাহজাহানকে বিয়ে করেন লাভলী। পুলিশ কর্মকর্তাকে স্ত্রী হিসেবে পেয়ে বেপরোয়াভাবে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েন কর্মহীন শাহজাহান। তার বিরুদ্ধে প্রতারণা, ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ, মামলা তদন্তে প্রভাব এমন কি পুলিশ কর্মকর্তা না হয়েও নিজেই স্ত্রীর মামলা তদন্ত করার অসংখ্য অভিযোগ ওঠে।
পিবিআই ফেনী জেলার তত্ত্বাবধায়ক (এসপি) আসাদুজ্জামান বলেন, সম্প্রতি কক্সবাজার থেকে পিবিআই ফেনী জেলায় সংযুক্ত করা হয় এসআই লাভলী ফেরদৌসীকে। কিন্তু এর পরপরই তাকে অব্যাহতি প্রদান করা হয়। শুনেছি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
ভয়েস/আআ