বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঐতিহ্যবাহী পুরাতন ঝিনুক মার্কেট উচ্ছেদ ও অবৈধ জবর দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ঝিনুক দোকান মালিক সমিতি।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের হলিডের মোড় এলাকায় ঝিনুক মার্কেট চত্বরে ব্যবসায়ী সমিতির সভাপতি পুলিন দত্তের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ককসবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন।
তিনি বলেন, কোন প্রকার ভূমি অধিগ্রহণ না করে উচ্ছেদ প্রক্রিয়া আইন বহির্ভূত। এটি উচ্ছেদ না করতে স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। এরপরও একটি মহল ঐতিহ্যবাহি মার্কেট দখলের পাঁয়তারা করছে।
কমরেড গিয়াস বলেন, কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশের সাথে শামুক ঝিনুক সামগ্রীর নাম ঐতিহ্যগতভাবে উঠে আসে। আমরা সে শামুক-ঝিনুক কে পর্যটনের সাথে বিশ্ব দরবারে ঐতিহ্যের স্থানে পৌঁছে দিতে সংঘবদ্ধভাবে কাজ করছি। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে কক্সবাজার হলিডে মোড় এলাকায় ঝিনুক মার্কেটটি। কালের বিবর্তনে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছোটখাটো ঝিনুকের দোকান গড়ে উঠলেও ঝিনুক মার্কেট হিসেবে আমাদের এ মার্কেটটি এক নামে পরিচিত সবার মাঝে। এ মার্কেটে ব্যবসায়ী সমিতি গঠন করে দীর্ঘ বছর যাবত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি আমরা। এই মার্কেটের উপর নির্ভর করে প্রায় ৫০ পরিবারের সংসার চলে। এটি আমাদের একমাত্র আয় ও জীবিকার মাধ্যম। অথচ আমাদের এই শেষ সম্বল টুকু রাতের আধারে জবরদখল করে কেড়ে নিতে চায়।
তিনি আরও বলেন, আমরা জানতে পারি বিমানবন্দরের জায়গা সমপ্রসারণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড আমরাও খুশি। কিন্তু কোন প্রকার আইনি প্রক্রিয়া ছাড়া বা অধিগ্রহণ না করে উচ্ছেদ করা খুবই দুঃখজনক। এ জায়গাটি আমাদের নামে দীর্ঘমেয়াদি বন্দোবস্তের প্রচার আছে এবং আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা মোতাবেক দফায় দফায় রাজস্ব পরিশোধ করে আসছি। এছাড়াও মহামান্য হাইকোর্ট থেকে ওই জমি আমাদেরকে চূড়ান্ত বন্দোবস্ত প্রদান বা রেজিস্ট্রি করেন এবং কোনরকম উচ্ছেদ না করতে গত মার্চে একটি অর্ডারও জারি করা আছে।
৪৫ বছরের ঐতিহ্যবাহী এ মার্কেট রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা।
এসময় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, আব্দুস সালাম, আব্দুল গফুর, মোক্তার আহমদ, ফায়সাল, সুমন, অরূপ পাল, অশোক পাল, মধন চক্রবর্তী, আব্দুল জাব্বার নাসির উদ্দিন বাচ্চু, বেবী আক্তার, মো. রিপন, সাইদুল আলম, রিফাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ