কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে তিন ছেলে মেয়েকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন বাবা। এসময় ঘটনাস্থলে আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তার (৮) এর মৃত্যু হয়েছে। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ছেলে যাবের (২) ও মেয়ে মাহিমা (৪) কে হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
আজ রোববার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান।
আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে ও তার মেয়ে রাহিনী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। এক পর্যায়ে রাতেই স্ত্রী বাপের বাড়ি চলে যান। তারপর আজ ভোররাতে নিজের তিন ছেলে মেয়েকে বিষপানের পর নিজেও বিষপান করেন। এসময় মেয়ে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে পুলিশের সহযোগীতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান জানান সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার এবং বিষপান করে অজ্ঞান দুইজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।