বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কক্সবাজার শিশু একাডেমি। সোমবার শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) মো: নাসিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করতে সকলকে এগিয়ে আসতে হবে।
শিশুদের উদ্দেশ্য তিনি বলেন,শিশুরাই আগামী জাতির স্বপ্নদ্রষ্টা। স্বাধীনতার স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শিশুদেরকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তিনি আগামী প্রজন্মকে জ্ঞাননির্ভর, ন্যায় পরায়ন ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক কেন্দ্রের পরিচলক মং এ খেন, সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ একরাম উল্লাহ, সরকারি গ্রন্থাগারের জেলা লাইব্রেরীয়ান ঋষিকেশ পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাইনুদ্দিন খালেদ।
শিশু উপস্থাপিকা সাফিয়া জান্নাত আরিবার সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু একাডেমী আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।শিশু শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ভয়েস/আআ