মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারীর মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শান্তি শৃংখলার মধ্যে দিয়ে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই (পিপিএম)।
তিনি জানান, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেট ৭ জন, পুলিশ ২ শতাধিক, র্যাব ৩০ জন, বিজিবি ৩০ জন, কোস্ট গার্ড ১২ জন, আনসার ২ শতাধিক। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন থাকবেন। জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদপ্রার্থী ৬ জন।
তারা হলেন – আবদুস সামাদ (আনারস), সিরাজুল মোস্তফা বাশি মিয়া (ঘোড়া), এনামুল করিম (নৌকা), রিয়ান সিকদার (মোটর সাইকেল), জিহাদ বিন আলী (চশমা) ও সিরাজুল মোস্তফা সিকদার বাশি (সিএনজি)। এছাড়াও রয়েছে সংরক্ষিত আসনের মেম্বার পদপ্রার্থী ১১ জন ও সাধারণ আসনের মেম্বার পদপ্রার্থী ৪১ জন। উক্ত ইউনিয়নে ১০ টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ৫ শত ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে ঝুঁকিপূর্ন ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ টহলে থাকবেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম-সেবা) বলেন, কেউ ভোট কেন্দ্রে অন্যায় বা আচরণ বিধি লংঘন করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন প্রশাসন। এছাড়াও বহিরাগতদের নির্বাচনী এলাকায় অহেতুক ঘুরাঘুরি না করতে বলা হয়েছে। এদিকে অপর একটি সূত্র জানায়, কক্সবাজার জেলার মধ্যে একটি মাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই কারণে প্রশাসনের কঠোর নজরদারী থাকবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চোখ থাকবে এই নির্বাচনে।
ভয়েস/আআ